উত্তর ২৪ পরগনা: রাত বাড়তেই বাস পার্কিংয়ে সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠে। অনেক ব্যস্ত রাস্তাতেই দেখা যায়, দুই ধারে সারি সারি বাস দাঁড়িয়ে রয়েছে। আর এই বেআইনি পার্কিং রুখতেই কড়া হচ্ছে প্রশাসন। এবার রাতে রাস্তায় বাস পার্কিং করলেই গুনতে হবে মোটা পার্কিং ফি। কড়া পদক্ষেপের পথে হাঁটছে রাজ্য পরিবহন দফতর। এবার থেকে রাতে রাস্তার ধারে বাস পার্কিং করলেই, বাস পিছু ৭০০ টাকা করে পার্কিং চার্জ দিতে হবে। রবিবার কাঁকিনাড়া নারায়ণপুর স্টেডিয়ামে জেলা ফুটবল লীগের ফাইনাল অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করতে এসে এই ঘোষণা করলেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। অন্যদিকে, এই ঘোষণার পরই ক্ষুব্ধ বাস মালিকরা।
এদিন মন্ত্রী অর্জুন সিং বলেন, “নাইট পার্কিংয়ের জন্য ৭০০ টাকা করে লাগবে। জটলা তো কিছু ছিল না। রাজনৈতিক নেতাদের কিছু পদক্ষেপ করতে হয়। সবসময় ব্যুরোক্র্যাসির ওপরে নির্ভর করলে চলে না। নিজের উইল পাওয়ারকে কাজে লাগাতে হয়।” বিভিন্ন দফতরকে সতর্ক করে তিনি বলেন, “সরকার চালাতে গিয়ে কখনও রাজনৈতিক নেতাদের ব্যুরোক্রাসির ওপর নির্ভর হলে চলবে না। তাদেরও সজাগ থাকতে হবে।"
মন্ত্রীর সংযোজন, "শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রতিটি বিভাগে দক্ষ অফিসারদের নিযুক্ত করছেন।" তাঁর কথায়, "পরিবহন দফতরের ডিরেক্টর পদে যিনি ছিলেন, তিনি কাজে দক্ষ ছিলেন না। তাঁকে সরিয়ে একজন আইএএস অফিসারকে আনা হয়েছে। আজ বর্ধমান থেকে একজনের ফোন পেলাম, তিনি বলছেন আগামীকাল থেকে ১৩০ টি মিনিবাস ধর্মঘট করবে বর্ধমানে। সঙ্গে সঙ্গে পরিবহন দফতরের সচীবকে ফোন করলাম। ওঁকে নির্দেশ দিলাম যে এখনও টোটো কেন বাস রাস্তায় চলছে?"
এর পাশাপাশি ব্যুরোেক্রাটদের ওপর নির্ভরশীল না হয়ে সজাগ দৃষ্টি রাখতে বলেন মন্ত্রী। পরিবহণ মন্ত্রী স্পষ্ট বলেন, রাতে রাস্তার ধারে বাস রাখলে নাইট পার্কিং বাবদ ৭০০ টাকা লাগবে। এতে সরকারের যেমন আয় বাড়বে। তেমন বাস মালিকরা নিশ্চিন্তে রাস্তার ধারে বাস রাখতে পারবেন।
উল্লেখ্য, রবিবার নারায়ণপুর স্টেডিয়াম ময়দানে উত্তর ২৪ পরগনা জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে উপস্থিত হন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। পুরানো কথা স্মরণ করে মন্ত্রী বলেন, একটা সময় কলকাতার মাঠগুলোতে দাপিয়ে ফুটবল খেলতেন জেলা ও শহরতলি থেকে উঠে আসা খেলোয়াড়রা। এখন তো কলকাতার মাঠগুলোতে বিদেশিরা দখল নিয়েছে। মন্ত্রীর পরামর্শ, জেলা এবং শহরতলির বুক থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে হবে। মন্ত্রীর পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক শীলভদ্র দত্ত, ভাটপাড়া পুরসভার তদন্ত কমিটির চেয়ারপার্সন হিমাংশু সরকার-সহ ক্রীড়াপ্রেমীরা।

No comments:
Post a Comment