ওয়ার্ল্ড ডেস্ক, ২৭ ডিসেম্বর ২০২৫: নামাজ পড়ার সময় মসজিদে ভিড় জমিয়েছিলেন প্রচুর মানুষ। সেই সময় আচমকাই ভয়াবহ বোমা বিস্ফোরণ। কিছু বুঝে ওঠার আগেই চারিদিকে হাহাকার, রক্তারক্তি কাণ্ড। ঘটনাটি ঘটেছে শুক্রবার, সিরিয়ার হোমসের আলাওয়াইত-প্রধান এলাকায়। এই সন্ত্রাসী হামলায় ৮ জনের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে আরও ১৮ জন আহত হয়েছেন। তবে, কোন সন্ত্রাসী গোষ্ঠী এই হামলা চালিয়েছে, তা এখনও (প্রতিবেদন লেখা পর্যন্ত) স্পষ্ট নয়। তবে, সে দেশের সরকারের তরফে এই হামলার বিষয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে। অপরাধীদের ধরতে শুরু করা হয়েছে তদন্ত। উল্লেখ্য, এক বছর আগে দেশটিতে ইসলামী কর্তৃপক্ষ ক্ষমতা গ্রহণের পর থেকে এটি কোনও উপাসনালয়ে দ্বিতীয় বিস্ফোরণ। এর আগে দামেস্কের একটি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় ২৫ জনের মৃত্যু হয়।
সরকারি সংবাদ সংস্থা সানা হোমসের ওয়াদি আল-দাহাব এলাকায় ইমাম আলী বিন আবি তালিব মসজিদের ভিতরে হওয়া বিস্ফোরণের খবর দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন আধিকারিকের বরাত দিয়ে সানা প্রাথমিকভাবে কমপক্ষে আটজনের মৃত্যু এবং ১৮ জন আহত হওয়ার খবর জানিয়েছে।
সন্ত্রাসীরা মসজিদকে নিশানা করে হামলা চালিয়েছে-
সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, শুক্রবারের নামাজের সময় মসজিদটিকে নিশানা করে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।
সিরিয়ায় গৃহযুদ্ধের সময় হোমসে ব্যাপক সাম্প্রদায়িক সহিংসতা দেখা গেছে। মন্ত্রণালয় মসজিদের চারপাশে নিরাপত্তা বৃদ্ধি করেছে। সেইসঙ্গে জানিয়েছে যে, কর্তৃপক্ষ এই অপরাধমূলক কাজের অপরাধীদের শনাক্ত করার জন্য তদন্ত এবং প্রমাণ সংগ্রহ শুরু করেছে।

No comments:
Post a Comment