দাম্পত্য কলহে করুণ পরিণতি! যুবকের রহস্য মৃত্যু, জনতা-পুলিশ খণ্ড যুদ্ধ‌ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, January 10, 2026

দাম্পত্য কলহে করুণ পরিণতি! যুবকের রহস্য মৃত্যু, জনতা-পুলিশ খণ্ড যুদ্ধ‌

 


মালদা, ১০ জানুয়ারি ২০২৬: যুবকের রহস্য মৃত্যু ঘিরে তুলকালাম। বাড়ির অদূরেই বাঁশ বাগান থেকে উদ্ধার দেহ। খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। নেপথ্যে পরকীয়া, সম্পত্তি নিয়ে বিবাদ। দেহ উদ্ধার করতে এসে স্থানীয়দের বাধার মুখে পুলিশ। পুলিশের সঙ্গে গ্রামবাসীর ধস্তাধস্তি, খণ্ড-যুদ্ধ । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদার হরিশ্চন্দ্রপুরের কুশীদা এলাকায়। মৃতের নাম পল্লব সি, বয়স ৪২ বছর। খুনের অভিযোগ স্ত্রী বিউটি সিংয়ের বিরুদ্ধে। 


স্থানীয় সূত্রে জানা গেছে, পল্লব এবং বিউটির প্রায় ২০ বছরের বিবাহিত জীবন। ১১ বছরের একটি পুত্র সন্তান রয়েছে তাঁদের। কিন্তু বিগত কয়েক বছর ধরে দাম্পত্য-বিবাদ চলছিল। ছেলেকে নিয়ে অন্যত্র থাকতেন বিউটি। এদিকে মানসিক অবসাদে মদ্যপ হয়ে পড়েছিলেন পল্লব। গত দুই বছর ভিন রাজ্যে কাজ করতেন। বৃহস্পতিবার বাড়ি ফিরে এলে তাঁর স্ত্রী তাকে বসত ভিটেতে থাকতে বাধা দেয়। ঘরে তালা দিয়ে চলে যায়। দাবী করে বাড়ি এবং অন্যান্য সম্পত্তি ছেলের নামে লিখে দিতে হবে। 


এই নিয়ে সালিশি সভাও বসে। কিন্তু সুরাহা হয়নি। বাড়িতে থাকতে দেওয়া হয়নি পল্লবকে। এই পরিস্থিতিতেই শনিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি বাঁশ বাগানে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পরিবার তথা এলাকার মানুষের অভিযোগ, তাঁর স্ত্রী তাঁকে শ্বাসরোধ করে মেরে বাঁশ বাগানে ফেলে গেছে।


খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আইসি মনোজিৎ সরকারের নেতৃত্বে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ দেহ উদ্ধার করতে আসলে এলাকার মানুষের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। জনতা-পুলিশ খণ্ড যুদ্ধে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে পুলিশ দেহ উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। এর পাশাপাশি গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত স্ত্রীকে।যদিও ক্যামেরার সামনে খুনের অভিযোগ অস্বীকার করেছেন পল্লবের স্ত্রী।

No comments:

Post a Comment

Post Top Ad