উত্তর ২৪ পরগনা, ১০ জানুয়ারি ২০২৬: আগ্নেয়াস্ত্র-সহ গ্ৰেফতার এক যুবক। গোপন সূত্রে খবর পেয়ে ওই যুবককে গ্রেফতার করে গোবরডাঙা থানার পুলিশ। শুক্রবার (০৯.০১.২০২৬) রাত আনুমানিক ৮টা নাগাদ গোবরডাঙা থানায় গোপন সূত্রে খবর আসে যে, রামকৃষ্ণ পাঠাগার সংলগ্ন বাইপাস রাস্তায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। খবর পেয়েই থানার বড়বাবুর নির্দেশে গোবরডাঙা থানার একটি পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতেই অভিযুক্ত ব্যক্তি পালানোর চেষ্টা করে। কিন্তু পুলিশ তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি দেশি বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে একাধিক সন্দেহজনক তথ্য উঠে আসে।
পরবর্তীতে জানা যায় অভিযুক্তের পরিচয় । ধৃত যুবকের নাম অনির্বান নাগ, বয়স ২৫ বছর। ধৃতের বাড়ি মছলন্দপুর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, অভিযুক্ত অনির্বান নাগের বিরুদ্ধে এর আগেও গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। ২০২২ সালের জুন মাসে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের অভিযোগে গোবরডাঙা থানায় তার বিরুদ্ধে একটি মামলা রুজু হয়, যা বর্তমানে আদালতে বিচারাধীন। হাইকোর্টের নির্দেশে ওই মামলায় অভিযুক্ত অনির্বান নাগ বর্তমানে জামিনে মুক্ত ছিল। কিন্তু জামিনে মুক্ত থাকার পরও পুনরায় বেআইনি কার্যকলাপে যুক্ত হওয়ার অভিযোগ ওঠায়, তার বিরুদ্ধে অস্ত্র আইনের নির্দিষ্ট ধারায় নতুন করে মামলা রুজু করা হয়েছে।
ধৃত অভিযুক্তকে আজ শনিবার বারাসত আদালতে পাঠানো হয়। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা এবং অভিযুক্তের বেআইনি অস্ত্র সংগ্রহের পেছনে কী উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। শুরু হয়েছে পূর্ণাঙ্গ তদন্ত।

No comments:
Post a Comment