বিনোদন ডেস্ক, ১৪ ফেব্রুয়ারি ২০২৬: মুখের স্বাদ ফেরাতে চাটনির জুড়ি মেলা ভার। এই চাটনি ভিন্ন ভিন্ন স্বাদের হয়। এসবের মধ্যে বাদাম-নারকেলের চাটনি। সাধারণত ইডলি-ধোসার সাথে এটা পরিবেশন করা হয়, তবে রুটি-পরোটার সঙ্গেও খেতে বেশ ভালো লাগে। আর বাড়িতে খুব সহজেই এই চাটনি তৈরি করে নিতে পারেন। আসুন তাহলে, দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক বাদাম-নারকেলের চাটনির রেসিপি।
উপকরণ-
চিনাবাদাম- ২০০ গ্রাম
ছোলার ডাল- ২ টেবিল চামচ
নারকেল- ৫০ গ্রাম
টক দই-১-২ টেবিল চামচ (ঐচ্ছিক)
আদা- ১/২ ইঞ্চি
রসুনের কোয়া- ২-৪টি ,
লবণ- স্বাদমতো,
সরষের তেল- ১ টেবিল চামচ
গোটা সরষে- ১ চা চামচ (কালো)
গোটা শুকনো লঙ্কা- ২-৩টি
কাঁচা লঙ্কা- ১-২টি
কারি পাতা- ১০/১২টি
জল সামান্য
বাদাম শুকনো খোলায় ভেজে তুলে নিন। একইভাবে ছোলার ডালও ভেজে তুলুন। নারকেল ছোট-ছোট টুকরো করে কেটে নিন। এবারে কাঁচা লঙ্কা দিয়ে এই সমস্ত উপকরণ একটি মিক্সারে ভালো করে পিষে নিন। এই সময় জল দেবেন, এতে পেস্টটি মসৃণ হবে। এই সময় টকদইও দিতে পারেন, তবে এটা সম্পূর্ণ আপনার ইচ্ছার ওপর। মিশ্রণটি একটি পাত্রে নামিয়ে একপাশে রেখে দিন।
এবারে একটি প্যানে তেল গরম করুন। তেল গরম হলে শুকনো লঙ্কা ফোড়ন দিন। একটু ভাজা হলে গোটা সরষে, কারিপাতা ফোড়ন দিন। কিছুক্ষণ নাড়াচাড়া করুন। তারপর গ্যাসের আঁচ নিভিয়ে দিন এবং ফোড়ন-সহ এই তেল আগে থেকেই তৈরি মিশ্রণে ঢেলে দিন। ব্যস, বাদাম-নারকেলের সুস্বাদু চাটনি তৈরি। গরম গরম ইডলি-ধোসা বা রুটি-পরোটার সঙ্গে উপভোগ করুন।

No comments:
Post a Comment