বিনোদন ডেস্ক, ০৭ ফেব্রুয়ারি ২০২৬: 'ম্যায় হুঁ না'-এর সিক্যুয়েলের জন্য শাহরুখ খান ও পরিচালক ফারাহ খানের আবারও একসঙ্গে কাজ করার গুজব বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। তবে, পরিচালক অবশেষে এই জল্পনার অবসান ঘটিয়েছেন। 'ম্যায় হুঁ না ২' তৈরির খবরটি স্পষ্টভাবে নাকচ করে দিয়েছেন তিনি। উল্লেখ্য, 'ম্যায় হুঁ না' ২০০৪ সালের এই কাল্ট ক্লাসিক ছবি। অনুরাগীদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছিল ।
এই গুঞ্জনের পালে হাওয়া লাগে, যখন বেশ কয়েকটি প্রতিবেদনে দাবী করা হয় বহু প্রতীক্ষিত এই সিক্যুয়েলটি শাহরুখ খানের আসন্ন ছবি 'কিং'-এর পরের প্রকল্প হতে চলেছে। এই প্রতিবেদনগুলো অনুসারে, ফারাহ খান নাকি সুপারস্টারের জন্য একটি আকর্ষণীয় দ্বৈত চরিত্রের ধারণা তৈরি করেছেন, যেখানে দুটি সম্পূর্ণ বিপরীতধর্মী চরিত্র থাকবে। আগুনে আরও ঘি ঢেলেছিল এই দাবী যে, গল্পের মূল ধারণাটি স্বয়ং শাহরুখ খানের কাছ থেকেই এসেছিল এবং চিত্রনাট্য তৈরির কাজ করছিলেন লেখক আকাশ কৌশিক।
'ম্যায় হুঁ না ২' ছবিটি নস্টালজিয়ার ওপর বিশেষভাবে জোর দেবে—এমন জল্পনা শুনে ভক্তরা বিশেষভাবে উচ্ছ্বসিত হয়েছিলেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল যে সিক্যুয়েলটিতে মূল চলচ্চিত্রের প্রধান অভিনেতাদের ফিরিয়ে আনা হবে, পাশাপাশি দর্শকদের আকৃষ্ট করার জন্য নতুন মুখও যুক্ত করা হবে। ছবিটির সঙ্গীত, হাস্যরস এবং আবেগঘন মুহূর্তগুলোর দীর্ঘস্থায়ী জনপ্রিয়তার কারণে এর সিক্যুয়েলের ধারণাটি দ্রুত জনসাধারণের কল্পনাকে আকৃষ্ট করে।
তবে, ফারাহ খান এখন এই দাবীগুলো খারিজ করে দিয়েছেন এবং ভক্তদের গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করেছেন। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী তিনি বলেন, "এই সব গুজবে বিশ্বাস করবেন না।" তিনি এই প্রকল্প ঘিরে ওঠা জল্পনা সম্পূর্ণ উড়িয়ে দেন। তাঁর এই বিবৃতির মাধ্যমে চলচ্চিত্র নির্মাতা স্পষ্ট করে দিয়েছেন যে, আপাতত 'ম্যায় হুঁ না ২' ভক্তদের আলোচনার বাইরে আর কিছুই নয়।

No comments:
Post a Comment