প্রেসকার্ড নিউজ ওয়ার্ল্ড ডেস্ক, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১:১৮:০২ :আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তের পাঁচটি স্থানে আবার নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি, ২০২৬) ভারতীয় সময় সন্ধ্যা ৬:৪৩ মিনিটে উরাঘা সীমান্তে একটি আফগান পোস্ট লক্ষ্য করে পাকিস্তানি সেনাবাহিনী কামান নিক্ষেপ করে। এরপর উরাঘা, জাকা খেল, ওয়ারঘা, শাহকোট এবং ল্যান্ডি কোটাল এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
ভারত আফগান ভূখণ্ডে পাকিস্তান-এর বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে। রবিবার সকালে পাকিস্তান সীমান্তবর্তী আফগান এলাকায় বিমান হামলা চালায়। কাবুল অভিযোগ করেছে, এই হামলায় আবাসিক এলাকা লক্ষ্যবস্তু করা হয়েছে।
ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পবিত্র রমজান মাসে এই হামলা অত্যন্ত নিন্দনীয় এবং এতে নারী ও শিশুসহ বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, পাকিস্তান তাদের অভ্যন্তরীণ ব্যর্থতার দায় অন্যের উপর চাপানোর চেষ্টা করছে। পাশাপাশি, ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
অন্যদিকে, পাকিস্তান দাবী করেছে যে, এই হামলা আফগান ভূখণ্ডে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলির বিরুদ্ধে চালানো হয়েছে, যাদের তারা সাম্প্রতিক আত্মঘাতী হামলার জন্য দায়ী মনে করে।
দীর্ঘদিন ধরেই পাকিস্তান অভিযোগ করে আসছে যে আফগানিস্তান তাদের মাটি ব্যবহার করে সন্ত্রাসীদের পাকিস্তানে হামলা চালাতে দিচ্ছে। এই ইস্যুতে দুই দেশের সম্পর্ক ক্রমশ অবনতি হচ্ছে।
গত অক্টোবরেও দুই দেশের মধ্যে সংক্ষিপ্ত সশস্ত্র সংঘর্ষ হয়েছিল। পাকিস্তানি সেনাবাহিনীর দাবী অনুযায়ী, এতে ২৩ জন পাকিস্তানি সেনা এবং ২০০-র বেশি আফগান তালেবান সদস্য নিহত হয়।
সাম্প্রতিক বিমান হামলার পর আফগান তালেবান পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনির-এর বাহিনীকে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, নাঙ্গারহার ও পাকটিকা প্রদেশে চালানো হামলায় নারী ও শিশুসহ বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছে।পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে এবং সীমান্তে নতুন করে বড় সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে।

No comments:
Post a Comment