ন্যাশনাল ডেস্ক, ১২ ফেব্রুয়ারি ২০২৬: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে বিতর্কিত মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের। আর মার্কিন প্রেসিডেন্টের সেই বিতর্কিত বক্তব্য সম্পর্কে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, এই বিষয়ে "যথাযথ ব্যবস্থা" নেওয়া হবে। ট্রাম্প গত বছরের অক্টোবরে এই বিতর্কিত মন্তব্য করেছিলেন। আর বর্তমানে একদিকে যখন রাশিয়া থেকে ভারতের তেল কেনার কারণে মার্কিন-ভারত সম্পর্কে টানাপোড়েন, সেই আবহেই ট্রাম্পের সেই পুরনো ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক ক্যারিয়ার সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের ভিডিওটি দেখেনি। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, তারা এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে।
বিদেশ মন্ত্রকের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে, মুখপাত্র রণধীর জয়সওয়ালকে ট্রাম্পের মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। এর জবাবে জয়সওয়াল বলেন, "আমি ভিডিওটি দেখিনি... তবে, যদি এমন কোনও ভিডিও থাকে, তা সে সত্য হোক বা মিথ্যা, আমরা এর ওপর যথাযথ ব্যবস্থা নেব।"
মার্কিন প্রেসিডেন্ট তাঁর অদ্ভুত এবং ঠোঁটকাটা বক্তব্যের জন্য পরিচিত। তিনি ১৫ অক্টোবর, ২০২৫ এই বিবৃতি দিয়েছিলেন। তবে, ভিডিওটি বর্তমানে সমাজমাধ্যমে আবারও দেখা যাচ্ছে। তিনি তখন প্রধানমন্ত্রী মোদীর প্রশংসাও করেছেন। পাশাপাশি দাবী করেছেন যে ভারত, আমেরিকাকে আশ্বস্ত করেছে তারা রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। এই সময় ট্রাম্প নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কথা বলছিলেন, যদিও ভারত এই ধরণের কোনও আশ্বাসে না করে দেয়। ভারত সবসময় বলে আসছে যে, তার জন্য ১৪০ কোটি ভারতীয়ের জ্বালানি নিরাপত্তা গুরুত্বপূর্ণ এবং এটি মাথায় রেখেই কাজ করবে।
হোয়াইট হাউসে বক্তৃতা দেওয়ার সময়, ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করেছেন, তাঁকে "মহান ব্যক্তি" এবং সময়ের পরীক্ষায় সফল নেতা বলে অভিহিত করেন। তারপর তিনি জোর দিয়ে বলেন যে, "প্রধানমন্ত্রী মোদী ট্রাম্পকে ভালোবাসেন।" এরপর মার্কিন প্রেসিডেন্ট কিছুক্ষণের জন্য থেমে চিন্তাভাবনা করেন। ট্রাম্প দ্রুত জোর দিয়ে বলেন "ভালোবাসা" শব্দটিকে অন্যভাবে নেওয়া উচিৎ নয়, কারণ তিনি প্রধানমন্ত্রী মোদীর রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করতে চাননা।
ট্রাম্প তাঁর স্বভাবসুলভ ভঙ্গিতে হেসে বলেন, "মোদী একজন মহান মানুষ। তিনি ট্রাম্পকে ভালোবাসেন... আমি চাই না যে আপনি 'ভালোবাসা' শব্দটিকে অন্যভাবে নিন। আমি তাঁর রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করতে চাই না।"
উল্লেখ্য, ট্রাম্পের এই মন্তব্য ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদীকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানানোর কয়েকদিন পরের। যখন ভারত-মার্কিন সম্পর্ক ধীরে ধীরে সঠিক পথে ফিরে আসছিল।


No comments:
Post a Comment