নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম, ২৮ মার্চ ২০২৬: আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সাঁকরাইল ব্লকে আরও বাড়ল রাজনৈতিক উত্তাপ। প্রচারের মাঝেই বিজেপিতে বড়সড় ভাঙন ধরাল শাসক দল। গোপীবল্লভপুর বিধানসভার অন্তর্গত সাঁকরাইলের ধানঘোরী অঞ্চলের কুলডিহা বুথে বিজেপির মণ্ডল কমিটির সদস্য অসিত পাত্র সহ প্রায় ৩০টি পরিবার পদ্ম শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
শনিবার প্রচারের মাঝেই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। তৃণমূল প্রার্থী অজিত মাহাতোর হাত ধরে ওই পরিবারগুলির আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন হয়। এদিনের এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলকান্ত রাউত সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা।
দলবদলের এই ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তি বেড়েছে বিরোধী দল বিজেপি শিবিরে। ভোটের আগে এই ধরণের ভাঙন যে সংগঠনের ওপর প্রভাব ফেলতে পারে, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
এদিকে তৃণমূল নেতৃত্বের দাবী, রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ ও মানুষের প্রতি আস্থার কারণেই বিরোধী শিবির ছেড়ে সাধারণ মানুষ তৃণমূলে ভিড় জমাচ্ছেন। যদিও এই ঘটনাকে তেমন গুরুত্ব দিতে নারাজ স্থানীয় বিজেপি নেতৃত্ব।
স্থানীয় তৃণমূল নেতা তথা সেখানকার ব্লক সভাপতি বলেন, 'তৃণমূল কংগ্রেস মানুষের কাজ করে। ৩৬৫ দিন মানুষের কাজ করে। উন্নয়নের স্বার্থে অসিত এখানে যোগদান করেছেন।' এদিনের যোগদানে এই বুথ আরও শক্তিশালী হল বলে মন্তব্য করেন তৃণমূল প্রার্থী।
যোগদানকারী অসিত পাত্র বলেন, বিজেপিকে ভালো লাগল না মন থেকে । দিদির উন্নয়নের জন্য আজ তৃণমূল যোগ দিলাম ৩০ টি পরিবার নিয়ে।
তৃণমূল প্রার্থী অজিত মাহাতো বলেন, "যাঁরা বিজেপি করতেন তাঁদের প্রত্যেকের মোহ ভেঙ্গে গেছে। এই দলটা মানুষের দল নয়। আমাদের দেশে যারা পুঁজিপতি আছে তাঁদের কাছে বিক্রি হয়ে গেছে।" তাঁর কথায়, "প্রত্যেকেটা মানুষ যারা বিজেপি করতেন আজকে বুঝতে পেরেছেন গরীবদের মানুষের কথা একমাত্র যদি কেউ ভাবেন, তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই আজকের এই যোগদান।"

No comments:
Post a Comment