প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২৪ মার্চ : পর্দার হাসিখুশি মুখগুলোর আড়ালে কত যে নিঃশব্দ লড়াই চাপা থাকে, তার এক জ্বলন্ত উদাহরণ হয়ে উঠলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী গোস্বামী। তাঁকে শেষবার দর্শক দেখেছিলেন ‘তুই আমার হিরো’ ধারাবাহিকে। তারপর হঠাৎ করেই গায়েব সকলের প্রিয় টিজে (এই নামেই তাঁকে চেনে টেলিপাড়া)। সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিয়েছিলেন, ব্য়ক্তিগত কারণে। তবে বিস্তারিত কিছু জানাননি। হঠাৎ কি ঘটল অভিনেত্রীর জীবনে? বড় বিপদ ঘটে গেল তনুশ্রীর পরিবারে। আচমকাই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রীর স্বামী।
ফেব্রুয়ারির সেই অভিশপ্ত ২৭ তারিখের কথা মনে করলে আজও শিউরে ওঠেন তনুশ্রী। ২০২২ সালের ভয়াবহ স্মৃতি কাটিয়ে উঠতে না উঠতেই আবারও অভিনেত্রীর জীবনে ঝড়। আম অর্পিতাকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই যন্ত্রণাদায়ক সময়ের কথা তুলে ধরলেন অভিনেত্রী।
তনুশ্রী জানান, হঠাৎ করেই তাঁর স্বামী অসুস্থ হয়ে পড়েন এবং পরীক্ষায় ধরা পড়ে তাঁর ‘ব্রেন টিউমার’ ফিরে এসেছে। এর আগেও একবার তাঁর এই সমস্যা হয়েছিল, কিন্তু পুনরায় তা ফিরে আসবে— এটা ছিল তাঁদের কল্পনার বাইরে। চিকিৎসকরা সময় দিয়েছিলেন মাত্র একদিন। স্বামীর অসুস্থতা এবং অস্ত্রোপচার নিয়ে গত কয়েক সপ্তাহ চরম উদ্বেগের মধ্যে কেটেছে অভিনেত্রীর।
আর্থিক প্রতিকূলতাও এই লড়াইকে আরও কঠিন করে তুলেছিল। তনুশ্রী অকপটে স্বীকার করেছেন যে, গত দুই মাস তার হাতে কোনো কাজ ছিল না। একজন পেশাদার শিল্পীর কাছে কাজ না থাকা মানেই অনিশ্চয়তা, আর তার ওপর যখন পাহাড়প্রমাণ চিকিৎসার খরচ চেপে বসে, তখন সেই চাপ সহ্য করা সাধারণের পক্ষে অসম্ভব। তবুও তনুশ্রী হাল ছাড়েননি।
তনুশ্রী স্বস্তির নিঃশ্বাস ফেলে জানিয়েছেন যে, অস্ত্রোপচার সফল হয়েছে এবং তাঁর স্বামীকে ইতিমধ্যেই হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসা হয়েছে। তিনি এখন বিপন্মুক্ত।
মানসিক যন্ত্রণার কারণে এই কদিন তিনি সমাজমাধ্যম থেকে সম্পূর্ণ দূরে ছিলেন। এখন পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় তিনি ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছেন। দর্শকদের জন্য বড় সুখবর হলো, খুব শীঘ্রই তিনি কামব্যাক করছেন ‘কমলা নিবাস’ ধারাবাহিকের মাধ্যমে। সোশ্যাল মিডিয়া এবং পর্দার সেই হাসিখুশি তনুশ্রীকে আবার দেখার অপেক্ষায় দিন গুনছেন তার অগণিত অনুরাগী।

No comments:
Post a Comment