নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ২৩ মার্চ ২০২৬: ভোটের উত্তাপ ক্রমশই বাড়ছে বঙ্গে। এরই মাঝে এবারে জনতার প্রশ্নবাণে বিদ্ধ তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব। প্রচারে বেরিয়ে সাধারণ বাসিন্দাদের তীক্ষ্ণ প্রশ্নের মুখে পড়তে হল শিলিগুড়ির মেয়র তথা তৃণমূল কংগ্রেসে প্রার্থী গৌতম দেবকে।
নির্বাচনের দিনক্ষণ ইতিমধ্যেই ঘোষণা হয়েছে। এরপরেই শাসক দল থেকে শুরু করে বিরোধী দলগুলো প্রচারে কোনও রকম খামতি রাখতে চাইছে না। পাশাপাশি জনসংযোগেও জোর দিয়েছে সব দলই। সোমবার সকালে শিলিগুড়ি পুরনিগমের ৩০ নম্বর ওয়ার্ডের তরাই স্কুলের মাঠে জনসংযোগে যান শিলিগুড়ির বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দেব। একদিকে যেমন তাঁকে শিশুদের সঙ্গে ক্রিকেট খেলে হালকা মেজাজে দেখা যায়, পাশাপাশি সাধারণ মানুষের প্রশ্নবাণেও বিদ্ধ হতে হয়।
স্থানীয়দের অভিযোগ এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের তীব্র সংকট রয়েছে। পাশাপাশি ফুটপাত নিরাপদ না থাকায় প্রতিদিনই সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। উপস্থিত এক মহিলা এদিন মেয়রের কাছে জানতে চান ক্ষমতায় থাকাকালীন এই মৌলিক সমস্যা গুলোর সমাধানে কেন কার্যকরী পদক্ষেপ করা হয়নি? দীর্ঘদিনের এই সকল সমস্যা নিয়ে মেয়রের সামনেই ক্ষোভ উগড়ে দেন তিনি। তৃণমূল প্রার্থী যদিও প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন। পাশাপাশি গৌতম দেব বলেন, তাঁর মেয়াদকালে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। সেগুলোর মূল্যায়ন না করেই সমালোচনা করা হচ্ছে, বলে দাবী করেন তিনি। তৃণমূল প্রার্থীর মন্তব্য, আগে উন্নয়নের চিত্র দেখে তারপর অভিযোগ তোলা উচিৎ।
অন্যদিকে এই ঘটনাকে হাতিয়ার করে পাল্টা আক্রমণ জানিয়েছে বিজেপি। বিজেপি বিধায়ক তথা প্রার্থী শংকর ঘোষও একই সময়ে এদিন ওই এলাকায় প্রচারে যান। তিনি শাসক দলের প্রার্থীকে খোঁচা দিয়ে বলেন, 'দিন দিন মেয়রের অদক্ষতা স্পষ্ট হয়ে উঠছে। এগুলো সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যা। মেয়র উন্নয়নের পর্যাপ্ত সুযোগ পেয়েছিলেন। উনার মতে কাজ করার কোন সদিচ্ছাই ছিল না। আজ সেই কৈফিয়ৎ চাইছে সাধারণ মানুষ।' তার কথায়, 'এই সবকিছুর জবাব মানুষ ভোটেই দেবে।'
এদিকে এই ঘটনা ঘিরে শিলিগুড়িতে ক্রমশই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোরচর্চা। একদিকে শাসক দল যখন সরাসরি জনসংযোগের মাধ্যমে মানুষের মন জয়ের চেষ্টা করছে, অন্যদিকে নাগরিক পরিষেবার ঘাটতিকে হাতিয়ার করে সুর ছড়াচ্ছে পদ্ম শিবির।

No comments:
Post a Comment