নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ১৪ মার্চ ২০২৬: ভোটমুখী বঙ্গে শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী মোদীর জনসভা। এদিন ভোর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মী-সমর্থকরা রওনা দিয়েছেন ব্রিগেডের উদ্দেশ্যে। এরই মধ্যে আক্রান্ত পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার পাতলি এলাকায় ব্রিগেড সমাবেশে যাওয়ার পথে বিজেপি সমর্থকদের একটি রিজার্ভ বাস। বাসটিতে হামলার অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় বাসের একাধিক কাঁচ ভেঙে চুরমার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনা ঘিরে আতঙ্কও ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোর প্রায় সাড়ে পাঁচটা নাগাদ ব্রিগেড সমাবেশে যোগ দিতে বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে একটি বেসরকারি রুটের বাস রওনা দেয়। বাসটি আহার মুন্ডা এলাকার দিকে যাচ্ছিল। অভিযোগ, সেই সময় কয়েকজন যুবক বাইকে করে এসে বাসটিকে আটকে দেয়। তারা বাসের চালকের কাছে জানতে চায় বাসটি কোথায় যাচ্ছে।
চালক ব্রিগেডে বিজেপির কর্মসূচিতে যাওয়ার কথা জানাতেই অতর্কিতে হামলা চালানো হয় বলে অভিযোগ। বিজেপি কর্মীদের দাবী, দুষ্কৃতীরা লাঠিসোঁটা নিয়ে বাসের কাঁচ ভেঙে চুরমার করে দেয় এবং চালক ও খালাসীকেও মারধর করা হয়। এতে তাদের হাতেও আঘাত লাগে। পরিস্থিতি বেগতিক বুঝে চালক দ্রুত বাসটি ঘুরিয়ে এলাকা ছেড়ে বেরিয়ে আসেন।
ঘটনার পর বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ব্রিগেড সমাবেশে যাওয়া আটকাতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

No comments:
Post a Comment