মর্মান্তিক! গ্যাস সিলিন্ডারের জন্য লাইনে দাঁড়িয়ে বৃদ্ধের মৃত্যু - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, March 14, 2026

মর্মান্তিক! গ্যাস সিলিন্ডারের জন্য লাইনে দাঁড়িয়ে বৃদ্ধের মৃত্যু


ন্যাশনাল ডেস্ক, ১৪ মার্চ ২০২৬: মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে রান্নাঘরে। জ্বালানি সঙ্কটে ভুগছে দেশবাসী। দেশের বিভিন্ন রাজ্যে গ্যাস সিলিন্ডারের আকাল। সিলিন্ডার পেতে চরম ভোগান্তির শিকার আমজনতা। অন্যান্য রাজ্যের পাশাপাশি উত্তরপ্রদেশের বিভিন্ন শহরেও একই চিত্র। এরই মাঝে শুক্রবার ফারুখাবাদ ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। গ্যাসের লাইনে দাঁড়িয়ে থেকে মৃত্যু এক বৃদ্ধের। 


কোতোয়ালি এলাকার লাল সরাই জলের ট্যাঙ্কের কাছে ভারত গ্যাস এজেন্সিতে লাইনে দাঁড়িয়ে ছিলেন ৭৫ বছর বয়সী মুখতার আনসারী। আচমকাই তিনি পড়ে যান। উপস্থিত অন্যান্যরা তৎক্ষণাৎ সিপিআর হার্ট পাম্প করে তাঁকে বাঁচানোর চেষ্টা করেন কিন্তু কোনও লাভ হয়নি। যতক্ষণে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ততক্ষণে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। 


পরিবারের সদস্যদের মতে, মুখতার আনসারী আগে থেকেই গ্যাস সিলিন্ডার বুক করেছিলেন। এরপর শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে তিনি এজেন্সিতে যান। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটে। উপস্থিত অন্যান্যদের কাছ থেকে খবর পেয়ে তার পরিবার তাকে হাসপাতালে নিয়ে যায়, যেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।


মৃতের পরিবার জানিয়েছে যে, তিনি আগে থেকেই স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন। তবে, বাড়িতে রান্নার গ্যাস সম্পূর্ণ ফুরিয়ে যাওয়ায় তিনি নিজেই এদিন সকালে লাইনে দাঁড়াতে গিয়েছিলেন। এমতাবস্থায় তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যায়। শুধু তাই নয়, মৃতের পরিবার জানিয়েছে এর আগে কখনও গ্যাসের ঘাটতি হয়নি। তবে, এবারে বুকিং করার পরেও বারবার চক্কর কাটতে হচ্ছে। স্থানীয়রা প্রশাসনের কাছে পুরানো ব্যবস্থা বহালের দাবী জানিয়েছেন।


উল্লেখ্য, এর আগে পাঞ্জাবের বার্নালায় লাইনে অপেক্ষা করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ৬৬ বছর বয়সী ভূষণ কুমার মিত্তলের মৃত্যু হয়েছে। গ্যাসের ঘাটতির কারণে দেশ জুড়ে পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছে। এতে করে জনসাধারণের মনে ক্ষোভও বাড়ছে। বেশিরভাগ এলাকার স্থানীয় কর্তৃপক্ষ যদিও দাবী করছে যে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, কিন্তু বাস্তব-চিত্র ভিন্ন কথা বলছে।

No comments:

Post a Comment

Post Top Ad