ভোট প্রচারে গিয়ে ক্ষোভের মুখে বিজেপি প্রার্থী! 'তৃণমূলের নেতা বা কর্মী', বললেন আনন্দময় - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, March 21, 2026

ভোট প্রচারে গিয়ে ক্ষোভের মুখে বিজেপি প্রার্থী! 'তৃণমূলের নেতা বা কর্মী', বললেন আনন্দময়


নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ২১ মার্চ ২০২৬: 'এই পাড়ায় প্রথম এলেন মনে হয়। এই নিকাশী নালার অবস্থা দেখেছেন?' নির্বাচনী প্রচারে গিয়ে ক্ষোভের মুখে পড়তে হল মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভার বিজেপি প্রার্থী আনন্দময় বর্মনকে। ঘটনা শনিবারের। 


রাজ্যে ভোটের দিন ঘোষণা হয়েছে। প্রার্থীও ঘোষণা করা হয়েছে শাসক-বিরোধী শিবিরের তরফে। আর প্রার্থী ঘোষণা হতেই জোরকদমে নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন রাজ্যের শাসক দল থেকে শুরু করে বিরোধীদলগুলো। শনিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। বৃষ্টিও হচ্ছে ভালোই। তবে, বৃষ্টি উপেক্ষা করেই এদিন নির্বাচনী প্রচারে নামেন মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী আনন্দময় বর্মন। শিলিগুড়ির মহকুমার নকশালবাড়িতে নির্বাচনী প্রচারে যান তিনি। 


প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন বিজেপি প্রার্থী। পাশাপাশি ভোটও চান। বেশ ভালোই চলছিল কিন্তু হঠাৎ ছন্দপতন; নকশালবাড়ি বাজারে প্রচারে যেতেই ক্ষোভের মুখে পড়তে হয় পদ্ম-প্রার্থীকে। 

স্থানীয় এক ব্যক্তি তাঁকে দেখেই বলেন ওঠেন, এই পাড়ায় আপনি প্রথম এলেন মনে হয়। দেখেছেন এই ড্রেনের অবস্থা? একবারও আসেননি।' ওই ব্যক্তির সঙ্গে সামান্য তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী। যদিও পরক্ষণেই পরিস্থিতি সামলে সেখান থেকে এগিয়ে যান। 


পরবর্তীতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই নিয়ে শাসক দলকেই নিশানা করেছেন তিনি। বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন বলেন, 'কিছু লোক থাকে, উনি আমাকে বলছেন এলাকায় নাকি আমাকে আগে দেখেধনি। উনি যেখানে দাঁড়িয়ে ছিলেন সেই রাস্তা দিয়ে আমি ১০-১৫ বার যাওয়া আসা করেছি এবং সেখান থেকে পাঁচ মিনিটে বিজেপির কার্যালয়ে। স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা বা কর্মী হতে পারে। যেভাবে সভাধিপতির প্রশংসা করছিলেন বোঝাই যায় তৃণমূল কংগ্রেসের নেতা বা কর্মী।'


তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেসের কিছু লোকজন থাকে, যারা কালো চশমা পড়ে ঘরের মধ্যে বসে থাকেন, তারাই বিধায়ককে দেখতে পান না। আর হাটে বাজারে সাধারণ মানুষ তারা কখনও বলছে না যে বিধায়ককে দেখতে পাচ্ছেন না। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ আমাদের সাথে আছেন। 


জয়ের ব্যাপারেও যথেষ্ট আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী। তিনি বলেন, 'দুই একটা তৃণমূল কংগ্রেসের কালো চশমা পড়া কর্মী-সমর্থক ছাড়া বাকি সবাই যেভাবে উচ্ছ্বাস দেখাচ্ছেন, নিশ্চিত ভাবে আমরা এখান থেকে লক্ষাধিক ভোটে জয়যুক্ত হব।'

No comments:

Post a Comment

Post Top Ad