নিজস্ব সংবাদদাতা, নদিয়া, ২১ মার্চ: বিজেপির ভূমিপুত্র প্রার্থীর দাবীতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন মতুয়ারা। নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ ব্লকের মতুয়া মহা সংঘের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় শনিবার। নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের শোনঘাটা বাজারে রাজ্য সড়কের ওপরে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ-বিক্ষোভে শামিল হন মতুয়া মহাসঙ্ঘের কর্মীরা।
বিক্ষোভকারীদের একটাই দাবী, ভারতীয় জনতা পার্টির ভূমিপুত্র প্রার্থী চাই। কোনও বহিরাগত প্রার্থীকে তাঁরা মানবেন না বলে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। প্রসঙ্গত, কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে সুকান্ত বিশ্বাসকে।
মতুয়া মহাসঙ্ঘ কৃষ্ণগঞ্জ ব্লক কমিটির ও সাধারণ জনগন-এর ব্যানারে এই বিক্ষোভের জেরে এদিন ব্যাপক উত্তেজনা ছড়ায়। যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে বেশ কিছুক্ষণের জন্য। এদিন মতুয়া মহাসঙ্ঘের পক্ষ থেকে ধামসা, মাদল বাজিয়ে বিক্ষোভে সামিল হন সকলে। মহিলা যুব থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষ এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।
উপদেষ্টা কমিটির নিত্য কুমার মণ্ডল বলেন, 'আমরা কৃষ্ণগঞ্জ বিধানসভায় বহিরাগত প্রার্থী দিয়েছে। আমরা এখানকার ভূমিপুত্র চাই। এটাই আমাদের নিবেদন। প্রার্থীকে কৃষ্ণগঞ্জ ব্লকের বাসিন্দা হতে হবে, এটাই চাই আমরা।'
বিক্ষোভে অংশগ্রহণকারী নিঝুম কুমার বিশ্বাস বলেন,
"আমরা মতুয়া মহাসঙ্ঘ কৃষ্ণগঞ্জ ব্লক কমিটি ও সাধারণ জনগণের পক্ষ থেকে আর্জি, প্রার্থী কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভূমিপুত্র হোক। আমরাও বিজেপির সমর্থক। কারণ বাইরের সদস্য এসে ভোট চাইবেন আর জেতার পর ফিরেও তাকান না তাঁরা। এই সাধারণ জনতা তখন কার কাছে যাবে!"
তিনি আরও বলেন, "আন্দোলন করে সুরাহা হবে কিনা জানিনা। তবে আমাদের মনের চাহিদা, আকাঙ্ক্ষা ব্যক্ত করার জন্য এই আন্দোলন।"
নদিয়া দক্ষিণ বিজেপির জেলা সভাপতি অপর্ণা নন্দীর কথায়, 'এই বিধানসভায় অনেকেই প্রার্থী হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন। দল থেকে সুকান্ত বিশ্বাসকে প্রার্থী করা হয়েছে। আমরা নেতৃত্বের সঙ্গে বৈঠক করে মনোমালিন্য মিটিয়ে নেব।'

No comments:
Post a Comment