নিজস্ব সংবাদদাতা, নদিয়া, ২১ মার্চ ২০২৬: সরকারি দেওয়ালে শাসকদলের সমর্থনে লিখন। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে সরব পদ্ম শিবির। ভোটের দামামা বাজতেই নদিয়ার কৃষ্ণগঞ্জে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। সরকারি দেওয়ালে প্রার্থীর সমর্থনে লিখনকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে পদ্ম শিবির।
নির্বাচন ঘোষণা হওয়ার পরেই কৃষ্ণগঞ্জ বিডিও অফিসের নির্দেশে রাস্তার দুই ধারের সমস্ত রাজনৈতিক পতাকা, ব্যানার ও ফেস্টুন সরানোর কাজ শুরু হয়। কিন্তু অভিযোগ উঠেছে, কৃষ্ণগঞ্জের কৃষক বাজারের বিপরীতে শিবনিবাস বাসস্ট্যান্ডের সরকারি দেওয়ালে শাসকদলের প্রার্থীর সমর্থনে করা লিখনটি মোছা হয়নি। সমস্ত দলের প্রচার সামগ্রী যেখানে সরানো হচ্ছে, সেখানে সরকারি দেওয়ালে এই লিখন এখনও জ্বলজ্বল করছে। এই নিয়ে স্থানীয়দের মধ্যে শুরু হয়েছে কানাঘুষো।
যদিও এই বিষয়ে বিডিও অফিস বা নির্বাচন কমিশনের স্থানীয় আধিকারিকদের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে, জেলা কনভেনার অমিত প্রামাণিক কড়া ভাষায় আক্রমণ আক্রমণ শানিয়েছেন। তিনি বলেন, "নির্বাচন কমিশনের কর্মীরা এখনও শাসকদলের হয়ে কাজ করছেন। আমাদের পতাকা দ্রুত খোলা হলেও, বাসস্ট্যান্ডের ওই দেওয়াল লিখন প্রশাসনের চোখে পড়ছে না কেন?" তিনি অবিলম্বে এই প্রচার মুছে ফেলার দাবি জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী বিক্রম বিশ্বাস ও শিবনাথ মুখার্জি জানিয়েছেন, তাঁরা আগে কখনও সরকারি দেওয়ালে এভাবে প্রচার দেখেননি। প্রশাসনের উচিৎ অবিলম্বে এটি মুছে ফেলে নিরপেক্ষতা বজায় রাখা।
স্থানীয় প্রশাসন এ ব্যাপারে ব্যবস্থা না নিলে নির্বাচন কমিশনের কাছে লিখিত নালিশ জানানোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিজেপির তরফে।

No comments:
Post a Comment