আসানসোল: আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। একাধিক চমক রেখে সোমবার বিকেলে ১৪৪ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। আসানসোল দক্ষিণ বিধানসভা থেকে ফের প্রার্থী করা হয়েছে অগ্নিমিত্রা পালকে। তিনি ওই এলাকারই বিধায়ক। এখান থেকেই তাঁকে আবার প্রার্থী করা হতে পারে, এই গুঞ্জন ছিলই। এদিন সেই গুঞ্জনেই সিলমোহর পড়ল।
সোমবার বিকালে প্রার্থী তালিকা ঘোষণার পর দেখা যায়, আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে অগ্নিমিত্রা পালকেই প্রার্থী করেছে পদ্ম শিবির। এরপরেই কর্মী-সমর্থকরা উচ্ছ্বাসে ফেটে পড়েন।
প্রার্থী নির্বাচিত হওয়ার পর অগ্নিমিত্রা বলেন, '২০২৬-এর নির্বাচন আমাদের অস্তিত্বের লড়াইয়ের ভোট। বিজেপির তরফে যাঁদের প্রার্থী করা হয়েছে, সকলকে আমার গৈরিক অভিনন্দন, শুভেচ্ছা।' আসানসোল দক্ষিণে তাঁকে প্রার্থী করার জন্য দলের শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানান অগ্নিমিত্রা।
তিনি বলেন, প্রার্থী হিসেবে আমার নাম বেরিয়েছে মানে আসানসোল দক্ষিণে শুধুই অগ্নিমিত্রা পাল যে প্রার্থী এমনটা নয়। আমাদের অন্যান্য কর্মী সমর্থক থেকে শুরু করে আসানসোল দক্ষিণের সাধারণ মানুষের সমর্থন ছাড়া আমার কোনও ক্ষমতাই নেই। হাতজোড় করে এদিন ভোট আবেদন করেন অগ্নিমিত্রা।
তিনি বলেন, আগামী ২০২৬-এর ভোট শুধু একটা ভোট নয়। এটা বাংলার মানুষের অস্তিত্বের লড়াই। আজকে বাংলার সভ্যতা, ঐতিহ্য, ভদ্রতা, ইতিহাস সবকিছু মুছে দেওয়া হচ্ছে। আজ বাজারে শুধু একটাই কথা রয়েছে; তোলাবাজ, কাটমাানি আর পরিবেশকে নষ্ট করে দেওয়া। এটা হতে দেবেন না।'
এদিন হাতজোড় করে সকলকে পাশে থাকার আবেদন করেন অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, 'আপনাদের সকলের আশীর্বাদে আসানসোল দক্ষিণ যাতে জিততে পারি এবং বাংলার মোদিজীর সুশাসনের সরকার হয়, এটাই প্রার্থনা।'

No comments:
Post a Comment