নিজস্ব সংবাদদাতা, বীরভূম: পাথর খাদানে ভয়াবহ ধস। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই শ্রমিকের। গুরুতর জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। এই মর্মান্তিক ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বীরভূম জেলার মুরারই থানার অন্তর্গত গোপালপুর এলাকায়। সোমবার দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরের দিকে গোপালপুর এলাকার একটি পাথর খাদানে প্রতিদিনের মতোই শ্রমিকরা কাজ করছিলেন। বহু শ্রমিক তখন খাদানের ভিতরে পাথর কাটার কাজে ব্যস্ত ছিলেন। সেই সময় আচমকাই খাদানের একটি বড় অংশ ভেঙে ধসে পড়ে। বিশাল পাথরের স্তূপ হুড়মুড়িয়ে নিচে নেমে আসতেই মুহূর্তের মধ্যে কয়েকজন শ্রমিক এর তলায় চাপা পড়ে যান। হঠাৎ ধস নামার বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
ঘটনার পরই আশপাশের অন্যান্য পাথর খাদানের শ্রমিকরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু হয়। স্থানীয় শ্রমিক ও গ্রামবাসীরাই প্রথমে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের চেষ্টা করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ-প্রশাসনের আধিকারিকরা। দীর্ঘক্ষণ চেষ্টার পর ধ্বংসস্তূপের নিচ থেকে আহত ও নিহত শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হয়।
উদ্ধারকারীদের সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে। এছাড়া, বেশ কয়েকজন শ্রমিক গুরুতর জখম হয়েছেন বলেও জানা গিয়েছে। আহতদের উদ্ধার করে দ্রুত রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। চিকিৎসকদের একটি দল আহতদের চিকিৎসা শুরু করেছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও হাসপাতাল সূত্রে খবর।
এদিকে ধসের তলায় এখনও আরও শ্রমিক আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সেই কারণে উদ্ধারকাজ এখনও জোরকদমে চলছে। প্রশাসনের পক্ষ থেকে উদ্ধারকাজে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কর্মী মোতায়েন করা হয়েছে।
ঘটনার পরই ক্ষোভের সুর স্থানীয়দের গলায়। তাঁদের অভিযোগ, বহু পাথর খাদানেই নিরাপত্তা বিধি কার্যত উপেক্ষা করেই কাজ চালানো হয়। শ্রমিকদের পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা না থাকায় মাঝেমধ্যেই এমন দুর্ঘটনা ঘটে। এবারের ঘটনাতেও খাদানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন উঠতে শুরু করেছে।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এই খাদানটি স্থানীয় এক তৃণমূল কংগ্রেস নেতার বলে অভিযোগ উঠেছে। যদিও এ বিষয়ে এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি। তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
এদিকে ঘটনা থেকে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দাবী, খাদানটি অবৈধ এবং এর মালিক তথা তৃণমূল নেতাকে গ্রেফতার করতে হবে। বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি ধ্রুব সাহার কথায়, 'নির্বাচনী আদর্শবিধি কার্যকর হয়েছে তাই অভিযোগ থেকে অবিলম্বে গ্রেফতার করা উচিৎ।'
অপরদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দলের এক নেতার কথায়, এই মুহূর্তে কার মালিকানা সেটা দেখার থেকে দুর্ঘটনায় আহতদের চিকিৎসা ও উদ্ধারকাজ বেশি গুরুত্বপূর্ণ।
প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বর মাসেও বীরভূমের নলহাটি এলাকায় একটি পাথর খাদানে ধস নামে। সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল পাঁচজন শ্রমিকের।

No comments:
Post a Comment