আলিপুরদুয়ার, ২৬ মার্চ ২০২৬: বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শক্তি বাড়ল শাসক দল তৃণমূল কংগ্রেসের। বিজেপি থেকে আবার তৃণমূলে ফিরলেন কালচিনির প্রাক্তন বিধায়ক উইলসন চম্পামারি। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে জোড়া ফুলের পতাকা হাতে তুলে নেন কালচিনির প্রাক্তন বিধায়ক।
সালটা তখন ২০০৯। সেই সময় কালচিনির উপ-নির্বাচনে গোর্খা জনমুক্তি মোর্চার টিকিটে উইলসন চম্পামারি বিধায়ক হন। ২০১১ সালে বিমল গুরুংয়ের দলের হয়েই জয়লাভ। এরপর ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে কালচিনি থেকে জয়ী হন তিনি। কিন্তু ২০২১-এ আর তাঁকে প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস। এরপর পদ্ম শিবিরে যোগ দিয়েছিলেন তিনবারের বিধায়ক। আর এবারে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ফের জোড়া ফুলে ফিরলেন উইলসন চম্পামারি।
এদিন উইলসন চম্পামারি বলেন, "২০২১ সালে আমি কোনও কারণবশত তৃণমূলের সঙ্গে কাজ করতে পারিনি। কিন্তু এবারে ছাব্বিশের নির্বাচনে আমি দিদির সাথে কাজ করতে চাই।" তিনি বলেন, "দিদি গরীব মানুষের কাছে অতিপ্রিয় হয়ে পৌঁছেছেন। আমার বিশ্বাস আছে কালচিনিতে এবারে বীরেন্দ্র বারা জিতে আসবেন।"
এবারের নির্বাচনে বিজেপি কালচিনিতে বিশাল লামাকে প্রার্থী করেছে। টিকিট না পেয়েই কি তৃণমূলে ফিরলেন? সে বিষয়ে অবশ্য মুখ খোলেননি, প্রাক্তন বিধায়ক।
আলিপুরদুয়ারের তৃণমূল জেলা সভাপতি প্রকাশ চিক বড়াইক বলেন, 'জেলায় ভোটে ভালো ফল করতে উইলসন চম্পামারিকে ব্যবহারের নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মতো অভিজ্ঞ এই নেতাকে কাজে লাগানো হবে।'
উল্লেখ্য, বীরেন্দ্র বারা ওড়াওঁ এবারে কালচিনি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী। বৃহস্পতিবার তাঁর সমর্থনে জয়গাঁয় নির্বাচনী প্রচারে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই তৃণমূলের পতাকা হাতে তুলে নেন উইলসন চম্পামারি। এদিন অভিষেকের রোড শো'তে ভিড় ছিল চোখে পড়ার মতো।

No comments:
Post a Comment