নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: বিধানসভা নির্বাচনের আবহে এক নাবালিকার রহস্যমৃত্যু। সেই ঘটনাকে কেন্দ্র করে হঠাৎই নতুন মোড় নিয়েছে শিলিগুড়ির রাজনৈতিক পরিস্থিতি। এই ঘটনার প্রতিবাদে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ নিজের নির্বাচনী প্রচার সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচনী উত্তাপে যেখানে গোটা শহর তপ্ত, সেখানে বিজেপি প্রার্থীর এই সিদ্ধান্তে তুঙ্গে চর্চা। এরই মাঝে শঙ্করের হয়ে প্রচারের ময়দানে নামলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা।
উল্লেখ্য, গত সোমবার শিলিগুড়ি ১ নম্বর ওয়ার্ডের এক নাবালিকার রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ, এই ঘটনায় জড়িত রয়েছেন ওই নাবালিকার গৃহ শিক্ষক। অভিযুক্তের গ্রেফতারের দাবীতে সরব হয়েছে পরিবার ও স্থানীয় বাসিন্দারা। বিষয়টি রাজনৈতিক গুরুত্ব পেতেও শুরু করেছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার থেকে নিজের সমস্ত রাজনৈতিক কর্মসূচি স্থগিত রাখেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। তিনি স্পষ্ট জানিয়েছেন, যতদিন পর্যন্ত না অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করছে, ততদিন তিনি প্রচারে ফিরবেন না। তাঁর এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলে যেমন চর্চা শুরু হয়েছে, তেমনই সাধারণ মানুষের একাংশ তাঁকে সমর্থনও করছেন।
এমতাবস্থায় প্রার্থীর অনুপস্থিতিতে প্রচারের দায়িত্ব কাঁধে তুলে নিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। বৃহস্পতিবার শিলিগুড়ির নয়া বাজার এলাকায় শঙ্কর ঘোষের সমর্থনে প্রচারে নামেন তিনি। এদিন স্থানীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে এলাকায় জনসংযোগ সারেন রাজু বিস্তা। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, দলের বার্তা পৌঁছে দেন তাঁদের কাছে। সেইসঙ্গে প্রার্থীর অবস্থানও তুলে ধরেন।
প্রচার চলাকালীন রাজু বিস্তা বলেন, “এই দুঃখজনক ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবী জানাচ্ছি।” এর পাশাপাশি তিনি শঙ্কর ঘোষের এই মানবিক সিদ্ধান্তের প্রশংসা করেন এবং মানুষের পাশে থাকার বার্তা দেন।
এদিকে ভোটের আবহে শিলিগুড়ির এই ঘটনায় আবেগ, প্রতিবাদ ও রাজনীতির এক নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

No comments:
Post a Comment