ন্যাশনাল ডেস্ক, ২৭ মার্চ ২০২৬: স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া স্বাভাবিক। কিন্তু এই ঝগড়া থেকেই ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে বসলেন স্বামী। গ্যাস সিলিন্ডার দিয়ে পিটিয়ে অর্ধাঙ্গিনীকে খুন করেছেন তিনি। হরিয়ানার গুরুগ্রাম জেলায় ঘটেছে এই সাংঘাতিক ঘটনা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, গুরুগ্রামের চৌমা গ্রামের ২২ বছর বয়সী মহিলা গুঞ্জনকে তাঁর স্বামী একটি ছোট গ্যাস সিলিন্ডার দিয়ে পিটিয়ে খুন করেছে, ঝগড়ার জেরে। পুলিশ বৃহস্পতিবার অভিযুক্ত স্বামী সুনীলকে গ্রেফতার করেছে। ধৃতের বয়স ২২ বছর। বাজেরা থানায় খুনের মামলা দায়ের করা হয়েছে অভিযুক্তর বিরুদ্ধে। পুলিশের মতে, গুঞ্জন ও তাঁর স্বামী সুনীল গত কয়েক মাস ধরে চৌমা রেল ক্রসিংয়ের কাছে একটি ঘর ভাড়া নিয়ে বসবাস করছিলেন।
জানা গেছে, সুনীল বিহারের সমস্তিপুর জেলার বাসিন্দা এবং গুরুগ্রামে শ্রমিক হিসেবে কাজ করতেন। মঙ্গলবার রাতে গুঞ্জন ও সুনীলের মধ্যে ঝগড়া হয়। সেই ঝগড়া একসময় চরম পর্যায়ে পৌঁছায় এবং রাগের মাথায় সুনীল একটি গ্যাস সিলিন্ডার দিয়ে গুঞ্জনকে আক্রমণ করে। এতেই তাঁর মৃত্যু হয়। এই কাণ্ড ঘটানোর পর সুনীল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। প্রতিবেশীরা লক্ষ্য করেন যে, মঙ্গলবার থেকে ঘরটি তালাবদ্ধ। এরপর বুধবার সন্ধ্যায় তারা জানালা দিয়ে উঁকি দিয়ে দেখতেই তাঁদের চক্ষু চড়কগাছ। ঘরের ভেতরে গুঞ্জনের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন তাঁরা।
এরপর প্রতিবেশীরাই পুলিশকে খবর দেন। বাড়ির মালিক পুলিশকে জানান যে, দম্পতি বেশ কয়েক মাস ধরে ঘর ভাড়া নিয়ে থাকছিলেন। পুলিশ অবিলম্বে সুনীলের খোঁজে তল্লাশি শুরু করে এবং বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়।
গুরুগ্রাম পুলিশের একজন মুখপাত্র জানান, জিজ্ঞাসাবাদে জানা গেছে সুনীল ও গুঞ্জনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। তিনি বলেন, "২৩শে মার্চ রাতে দুজনের মধ্যে ঝগড়া হয়। রাগের মাথায় সুনীল একটি ছোট গ্যাস সিলিন্ডার দিয়ে গুঞ্জনকে আঘাত করে, এতে তাঁর মৃত্যু হয়। তাঁকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই বিষয়ে আরও তদন্ত চলছে।"

No comments:
Post a Comment