প্রেসকার্ড নিউজ ন্যাশনাল ডেস্ক, ১৯ মার্চ ২০২৬, ১৮:১০:০১ : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওমান, ফ্রান্স ও মালয়েশিয়ার নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এই আলোচনায় তিনি কূটনৈতিক প্রচেষ্টা ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে কথা বলেন। তিনি জানান, তাঁদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং ওমানের জনগণকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। দুই নেতা একমত হন যে উত্তেজনা কমানো এবং শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সংলাপ ও কূটনীতিকে অগ্রাধিকার দেওয়া জরুরি।
তিনি আরও বলেন, ওমানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘনের নিন্দা ভারত পুনরায় জানিয়েছে। পাশাপাশি ভারতীয় নাগরিকসহ হাজার হাজার মানুষকে নিরাপদে ফিরিয়ে আনতে ওমানের প্রচেষ্টার প্রশংসা করেন। হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ ও অবাধ নৌ চলাচলের পক্ষেও দুই দেশ সমর্থন জানায়।
এদিন প্রধানমন্ত্রী ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাক্রোঁর সঙ্গেও কথা বলেন। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করে উভয়েই দ্রুত উত্তেজনা হ্রাস এবং পুনরায় সংলাপ ও কূটনৈতিক পথে ফেরার ওপর জোর দেন। এই অঞ্চল ও তার বাইরেও শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতা চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়।
প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গেও আলোচনা করেন এবং তাঁকে ও মালয়েশিয়ার জনগণকে আসন্ন ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। আলোচনায় পশ্চিম এশিয়ার উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয় এবং সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে দ্রুত উত্তেজনা কমিয়ে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার বিষয়ে উভয় দেশ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
.jpg)
No comments:
Post a Comment