প্রেসকার্ড নিউজ ন্যাশনাল ডেস্ক, ২৪ মার্চ ২০২৬, ১৪:৫৮:০১ : নরেন্দ্র মোদী মঙ্গলবার (২৪ মার্চ) রাজ্যসভায় পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের বিভিন্ন দিক এবং ভারতের কৌশল নিয়ে বক্তব্য রাখেন। তিনি এই সংঘাতের ফলে দেশের সামনে তৈরি হওয়া চ্যালেঞ্জগুলির কথা জানান, পাশাপাশি উপসাগরীয় দেশগুলিতে বসবাসকারী ভারতীয়দের উপর এর প্রভাব এবং বাণিজ্য ও অর্থনীতিতে তার ফলাফল সম্পর্কেও দেশকে অবহিত করেন।
প্রধানমন্ত্রী বলেন, এই সংঘাত ভারতের জন্য অপ্রত্যাশিত চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। তিনি জানান, এই যুদ্ধের ফলে বাণিজ্যপথ ক্ষতিগ্রস্ত হচ্ছে। গ্যাস ও সারসহ প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ ব্যাহত হচ্ছে। উপসাগরীয় দেশগুলিতে এক কোটিরও বেশি ভারতীয় বাস করেন, তাঁদের নিরাপত্তাও ভারতের কাছে বড় উদ্বেগের বিষয়।
প্রধানমন্ত্রী বলেন, ভারত, ইরান, ইউএস এবং ইজরায়েল-এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। হরমুজ প্রণালী খোলা রাখার বিষয়েও তাঁদের সঙ্গে আলোচনা হয়েছে। বাণিজ্যিক জাহাজে হামলা এবং হরমুজ প্রণালীতে বাধা একেবারেই গ্রহণযোগ্য নয়। জ্বালানি অবকাঠামোর উপর হামলারও বিরোধিতা করেছে ভারত। এই প্রণালী দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল, গ্যাস ও সার আসে। যুদ্ধের পর থেকে এই পথে জাহাজ চলাচল কঠিন হয়ে উঠেছে। সরকার কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা করেছে, যাতে গ্যাস ও তেলের সরবরাহ দেশে পৌঁছায়। সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশ থেকে অপরিশোধিত তেল ও রান্নার গ্যাসভর্তি জাহাজ ভারতে এসেছে। ভবিষ্যতেও এই প্রচেষ্টা চালিয়ে যাওয়া হবে।
তিনি বলেন, এই সমস্যার সমাধানে ভারত সবসময় সংলাপের পথকেই গুরুত্ব দিয়েছে। যুদ্ধ মানুষের জীবনে সংকট তৈরি করে, যা মানবতার পক্ষে নয়। ভারত সব পক্ষকে শান্তিপূর্ণ সমাধানের জন্য উৎসাহিত করছে। তিনি জানান, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৩ লক্ষ ৭৫ হাজার ভারতীয় নিরাপদে দেশে ফিরে এসেছেন। ইরান থেকেও এক হাজারের বেশি ভারতীয় ফিরেছেন, যাঁদের মধ্যে ৭০০-র বেশি চিকিৎসা শিক্ষার্থী রয়েছেন। গত কয়েক দিনে বিভিন্ন দেশ থেকে তেল ও রান্নার গ্যাসভর্তি জাহাজ ভারতে এসেছে।
প্রধানমন্ত্রী জানান, যুদ্ধ শুরুর পর থেকে তিনি পশ্চিম এশিয়ার অধিকাংশ দেশের সঙ্গে দুই দফা আলোচনা করেছেন। হরমুজ প্রণালী খোলা রাখার বিষয়েও কথা বলেছেন। ভারতের লক্ষ্য সব পক্ষকে দ্রুত শান্তিপূর্ণ সমাধানের পথে আনতে উৎসাহিত করা। সংকটের সময় ভারতীয়দের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার।
প্রধানমন্ত্রী বলেন, "এই সংকটের সময় সরকার অত্যন্ত সতর্কতা ও সংবেদনশীলতার সঙ্গে কাজ করছে। সংশ্লিষ্ট সব দেশ ভারতীয়দের নিরাপত্তার আশ্বাস দিয়েছে। তবে কিছু হামলায় কয়েকজন ভারতীয়ের মৃত্যু হয়েছে এবং কিছুজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।"

No comments:
Post a Comment