'ভূমিপুত্র চাই', পলাশীপাড়ায় অবরোধ-বিক্ষোভ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, March 20, 2026

'ভূমিপুত্র চাই', পলাশীপাড়ায় অবরোধ-বিক্ষোভ


নিজস্ব সংবাদদাতা, নদিয়া, ২০ মার্চ: তৃণমূলের প্রার্থী ঘোষণা হতেই জেলায়-জেলায় বিক্ষোভের ছবি।‌ প্রার্থী বদলের দাবীতে এবারে বিক্ষোভ পলাশীপাড়ায়। ‘ভূমিপুত্র চাই’ স্লোগানে অবরোধ, ২৩ অফিসে তালা। 


ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জন্য মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। দেখা যায়, নদিয়ার পলাশীপাড়ায় এবারে প্রার্থী করা হয়েছে রুকবানুর রহমানকে। নাম বাদ পড়েছে প্রাক্তন বিধায়ক মানিক ভট্টাচার্যের। এরপরেই স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তালিকা প্রকাশের পর বিভিন্ন জেলায় অসন্তোষের ছবি, পলাশীপাড়াতেও বিদ্রোহের ছবি চরমে। বৃহস্পতিবার সকাল থেকে অন্তত ২৩ টি দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান কর্মী-সমর্থকরা। 


সন্ধ্যায় পলাশীপাড়া বাসস্ট্যান্ড সহ নানা জায়গায় টায়ার জ্বালিয়ে প্রায় ১০০০ কর্মী-সমর্থক কয়েক ঘন্টা ধরে অবরোধে সামিল হন। তাঁদের দাবী, বহিরাগত রুকবানুর রহমানের নাম প্রত্যাহার না হলে আন্দোলন চলতে থাকবে। প্রার্থী বদল না হলে নির্বাচনে তৃণমূলের জয় সম্ভব নয় বলেও দাবী বিক্ষোভকারীদের।


বিক্ষোভকারীদের কথায়, "অনুপ রায়কে আমরা সবসময় পাব। এই প্রার্থী বহিরাগত, আমরা এনাকে কাছেই পাব না। এই প্রার্থীকে আমাদের পছন্দ নয়। আমরা এই এলাকায় ভূমিপুত্রকে চাই, বহিরাগতকে চাই না। বদল না হলে আমরা এই প্রার্থীর হয়ে কোনও কাজ করব না‌। আমরা অনুপ রায়কেই চাই।"


স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী আব্দুল খালেক বলেন, “মানিক ভট্টাচার্যে কর্মকাণ্ড আমরা সবাই জানি, তাঁকে বাদ দিয়ে বহিয়াগত প্রার্থীর পরিবর্তে ভূমিপুত্র অনুপ রায়কে চাই। ভূমিপুত্র না হলে আমরা সবাই মিলে লড়াই চালিয়ে যাব।” 


সনাতন মণ্ডল বলেন, "আমরা বহিরাগতকে প্রার্থী হিসেবে চাইছি না। আমরা পলাশীপাড়ায় এখানকার ভূমিপুত্র অনুপ রায়কে চাই। এজন্য আমাদের এই বিক্ষোভ। দলের সিদ্ধান্ত আমরা মানছি না, এই প্রার্থী বদল না করলে আমরা কোনও কাজ করব না।"

No comments:

Post a Comment

Post Top Ad