'বিধান মার্কেটের উন্নয়ন চাই---', ভোট আবহে দাবী ব্যবসায়ীদের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, March 20, 2026

'বিধান মার্কেটের উন্নয়ন চাই---', ভোট আবহে দাবী ব্যবসায়ীদের


নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ২০ মার্চ ২০২৬: দোকানের মালিকানা জটিলতা, পার্কিংয়ের অভাব এবং দীর্ঘদিনের যানজট সমস্যা। এই পরিস্থিতিতে কার্যত নাকাল শিলিগুড়ির বিধান মার্কেটের ব্যবসায়ীরা। বছরের পর বছর ধরে এই সমস্যাগুলির সমাধানের দাবীতে তাঁরা আন্দোলন করেছেন, ধর্না দিয়েছেন। এমনকি প্রশাসনের কাছে আবেদন জানিয়েও কোনও স্থায়ী সমাধান মেলেনি বলে অভিযোগ তাঁদের।


ব্যবসায়ীদের দাবী, শুধু মালিকানার অনিশ্চয়তাই নয়, বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। বিধান মার্কেটের ব্যবসায়ী মিঠু বোস জানান, “একটু বৃষ্টি হলেই হাঁটু পর্যন্ত জল জমে যায়। দোকানের ভিতরে জল ঢুকে মালপত্র নষ্ট হয়ে যায়। এতে আমাদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়।”


অন্যদিকে ব্যবসায়ী তপন সরকার, গৌতম প্রামাণিক এবং রতন সাহারা জানান, বাজার এলাকায় পর্যাপ্ত পার্কিংয়ের অভাবের কারণে প্রতিদিনই যানজট তৈরি হচ্ছে, যার প্রভাব পড়ছে ব্যবসায়। তাঁরা আগামী বিধায়কের কাছে পার্কিং সমস্যার স্থায়ী সমাধান, দোকানের পাট্টা বা মালিকানা প্রদান এবং উন্নত নিকাশি ব্যবস্থার দাবী জানিয়েছেন।


এ প্রসঙ্গে ব্যবসায়ী সমিতির সদস্য অসিত দে বলেন, “বহুবার আবেদন জানানো হলেও এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ করা হয়নি।" তিনি আরও বলেন, "আমরা চাই, যে দলই ভোটে জিতুক না কেন, তারা যেন বিধান মার্কেটের সার্বিক উন্নয়নে গুরুত্ব দেয়।”


বঙ্গে নির্বাচনের দামামা বেজেছে। ২৩ ও ২৯ শে এপ্রিল দুই দফায় ভোট হবে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তাই নতুন করে আশায় বুক বেঁধেছেন বিধান মার্কেটের ব্যবসায়ীরা। তাদের দাবী একটাই, দীর্ঘদিনের এই সমস্যার যেন দ্রুত ও স্থায়ী সমাধান হয়।

No comments:

Post a Comment

Post Top Ad