হুগলি: প্রার্থী না করায় অভিমানের সুর ঝরে পড়েছিল অসিত মজুমদারের গলায়। অসন্তোষ প্রকাশেও রাখঢাক রাখেননি। জানিয়ে দিয়েছিলেন রাজনীতি থেকে বিশ্রাম নেবেন। অসিত মজুমদারের জায়গায় শাসক দল প্রার্থী করেছে তরুণ মুখ দেবাংশু ভট্টাচার্যকে। এরপরেই ক্ষোভের সুর শোনা গিয়েছিল অসিত মজুমদারের গলায়। আর অসিতের মান ভাঙাতে সটান তাঁর বাড়িতে উপস্থিত হন দেবাংশু। এরপর বরফ কিছুটা হলেও গলেছে বলে খবর।
চুঁচুড়া থেকে তিনবারের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন অসিত মজুমদার। তৃণমূল কংগ্রেস এবার তাঁকে টিকিট দেয়নি। মঙ্গলবার প্রার্থী ঘোষণার পর অভিমানী অসিত জানিয়ে দিয়েছিলেন রাজনীতি আর করবেন না। ওকালতি পেশায় ফিরে যাবেন। সময় কাটাবেন বই পরে, ক্লাব সংগঠন করে। আর অসিত মজুমদারের অভিমানের কথা কানে যেতেই দেবাংশু বুধবার সন্ধ্যায় পৌঁছে যান প্রিয়নগরে তাঁর বাড়িতে।
পা ছুঁয়ে প্রণাম করেন বর্ষীয়ান নেতার। অসিতও তাঁকে জড়িয়ে ধরেন। তারপর দুজনে মিলে ভিতরের একটা ঘরে চলে যান, ম্যারাথন আলোচনা হয় দুজনের মধ্যে।
এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দেবাংশু জানান, এই সাক্ষাৎ সৌজন্যের খাতিরে। তাঁদের মধ্যে কোনও বিবাদ বা দ্বন্দ নেই। অসিতের সাহায্য ছাড়া যে তিনি চুঁচুড়াতে চলতে পারবেন না সেটাও জানিয়ে দেন।
দেবাংশু বলেন, 'অসিত দার থেকে অনেক পরামর্শ নিয়েছি। সেগুলো ডাইরিতে নোট করেছি।ৎউনি যেভাবে চুঁচুড়াটাকে হাতের তালুর মত চেনেন, আমার লড়াইয়ে তাকে লাগবে। তিনি বলেছেন আমার পাশে থাকবেন।'
অন্যদিকে অসিত মজুমদার বলেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার কথা হয়েছে। দলের যারা কর্মী জনপ্রতিনিধি তৃণমূলের টিকিটের জয়ী হয়েছেন তারা আশা করি দলের প্রার্থীকে জেতানোর জন্য কাজ করবেন। দেবাংশুকে আলাদা করে চেনানোর দরকার নেই, ওকে সবাই চেনেন। আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে। আমি বলেছিলাম কর্মীদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেব তৃণমূলটা করব কিনা।' তাহলে কি অন্য দলে যাওয়ার কথা ভাবছেন? সে উত্তর অবশ্য অসিত মজুমদারের কাছ থেকে মেলেনি।
আর এদিন অসিত-দেবাংশু সাক্ষাতের পরেই চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে রাজনৈতিক মহলের একাংশে। তাদের মতে চুঁচুড়ার বিধায়ক ছিলেন অসিত মজুমদার। এখানকার রাজনীতির সঙ্গে তিনি পরিচিত। তাই ভোটের আগে তাঁকে দেবাংশু চটাতে চাইছেন না বরং তাঁকে সঙ্গে নিয়েই পার করতে চাইছেন ভোট বৈতরণী। আর তাই এদিন অসিতের সঙ্গে দেখা করতে পৌঁছে যান। এতেই বরফ গলেছে; রাজনীতিতে ফেরার কথাও ঘোষণা করেন অসিত। এমনকি দেবাংশুর হয়ে কাজ করবেন বলেও জানিয়েছেন দলের এই বর্ষীয়ান নেতা।

No comments:
Post a Comment