চমক রেখে প্রার্থী ঘোষণা তৃণমূলের, কোথায়-কারা পেলেন টিকিট? একনজরে তালিকা - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, March 17, 2026

চমক রেখে প্রার্থী ঘোষণা তৃণমূলের, কোথায়-কারা পেলেন টিকিট? একনজরে তালিকা


কলকাতা: ঘোষণা করা হল তৃণমূলের প্রার্থী তালিকা। বাম-বিজেপির পর প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের। মঙ্গলবার দুপুরে একসঙ্গে ২৯১ আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশেই ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সি। পরম্পরা মেনেই এদিন কালীঘাটের বাড়ির ছোট অফিস থেকেই ছাব্বিশের বিধানসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 


মমতা জানান, দার্জিলিংয়ে তিনটি আসনে তৃণমূল কংগ্রেস লড়বে না। এই তিন আসনে অনিত থাপার দল লড়াই করবে। বাকি ২৯১ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। ভবানীপুরে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই বিজেপি প্রার্থী করেছে শুভেন্দু অধিকারীকে। এই আসনে যে সবার চোখ থাকবে, তা বলাবাহুল্য। অন্যদিকে নন্দীগ্রামে প্রার্থী করা হয়েছে পবিত্র কর-কে। এখানেও শুভেন্দু অধিকারীকে প্রার্থী করেছে বিজেপি। এই আসনেও নজর থাকবে সকলের। 

 

এছাড়া হাবড়ায় জ্যোতিপ্রিয় মল্লিক, মধ্যমগ্রামে রথীন ঘোষ, নোয়াপাড়া থেকে তৃণাঙ্কুর ভট্টাচার্য, বারাসতে সব্যসাচী দত্তকে প্রার্থী করা হয়েছে। পাশাপাশি প্রার্থী তালিকায় রয়েছেন, চুঁচুড়া থেকে দেবাংশু ভট্টাচার্য, রাজারহাট গোপালপুর থেকে অদিতি মুন্সি, ব্যারাকপুর থেকে রাজ চক্রবর্তী, বরানগর থেকে সায়ন্তিকা ব্যানার্জি, কামারহাটি থেকে মদন মিত্র, করিমপুর থেকে সোহম চক্রবর্তী, ভাঙড় থেকে শওকত মোল্লা, বেহালা পশ্চিমে রত্না চট্টোপাধ্যায়, কলকাতা পোর্ট থেকে ফিরহাদ হাকিম, বেলেঘাটায় কুণাল ঘোষ, সিঙ্গুরে বেচারাম মান্না। 


উত্তরবঙ্গের মেখলিগঞ্জে তৃণমূল প্রার্থী হয়েছেন পরেশ চন্দ্র অধিকারী। দিনহাটায় উদয়ন গুহকে প্রার্থী করেছে তৃণমূল। আলিপুরদুয়ারে সুমন কাঞ্জিলাল, শিলিগুড়িতে গৌতম দেব, মাটিগাড়া-নকশালবাড়িতে শঙ্কর মালাকার, বালুরঘাটে অর্পিতা ঘোষকে প্রার্থী করা হয়েছে। 


এদিন প্রার্থী তালিকা ঘোষণার আগে বিজেপি ও নির্বাচন কমিশনকে তুলোধোনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শুরুতেই পদ্ম শিবিরকে আক্রমণ আক্রমণ করে তৃণমূল সুপ্রিমো বলেন, 'আমি বিজেপি পার্টিকে বলব এত ভয় পাচ্ছেন কেন? এখানে লক্ষ লক্ষ মানুষ নিয়ে এসে কেন সমস্যা করছেন। গ্যাসের সঙ্কটের সমাধান না করে এইসব করছেন। লাইনে মানুষকে দাঁড় করিয়ে এবার নিজেরাই বেলাইন হয়ে যাবেন। এসব করে আরও তলানিতে নামবে আসন সংখ্যা। দিল্লী কা লাড্ডুরা জিতবে না।'


নির্বাচন কমিশনকে এদিন বিজেপির কমিশন বলে তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, 'ব্রিলিয়ান্ট খেলা খেলছেন। ভোটের নোটিফিকেশন জারি হওয়ার আগে সবাইকে অদলবদল করছেন। বিজেপির কথায় মেঘের আড়াল থেকে খেলছেন কেন। সব অফিসারের বদলি করে দিয়েছেন। এখন বিপর্যয় হলে কে দেখবে। আমাদের হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছেন কিন্তু মানুষের ক্ষমতা কাড়তে পারবেন না। সেই মানুষই কিন্তু শেষ সিদ্ধান্ত নেবেন।' 


মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব বদলে ক্ষুব্ধ মমতা। তিনি বলেন, 'আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে বিজেপিকে তার দায়িত্ব নিতে হবে। কোনও সমস্যা হলে জনসাধারণকে বিজেপির টুঁটি চেপে ধরার পরামর্শ দেন মমতা।‌ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মমতা বলেন, আপনার যদি গণতন্ত্রে ভরসা থাকে তাহলে কেন এত ভয় পাচ্ছেন? সবাই চলে গেলে রাজ্যে জল, বিদ্যুৎ কে দেখবে? এখন কিছু হলে আমাকে বলবেন না বিজেপির টুঁটি চেপে ধরবেন। যিনি মেঘনাদের মত রয়েছেন তাঁকে বলব বাংলায় প্রার্থী হন না।'


এর পাশাপাশি এই নির্বাচনে ২২৬-এর বেশি আসন তৃণমূল কংগ্রেস পাবে বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "২২৬ এর বেশি ভোট পেয়ে জিতব।" সেইসঙ্গে মমতা জানান, দার্জিলিং এর তিনটি আসনে অনিত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সঙ্গে আসন সমঝোতা হয়েছে তৃণমূল কংগ্রেসের।

No comments:

Post a Comment

Post Top Ad