'আজ দলের সুদিন---', টিকিট না পেয়ে অভিমানী অসিত - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, March 18, 2026

'আজ দলের সুদিন---', টিকিট না পেয়ে অভিমানী অসিত


হুগলি: তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই দিকে-দিকে অসন্তোষের ছবি। টিকিট না পেয়ে রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা চুঁচুড়ার বিদায়ী তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। জেতা আসনে তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করেছে দল। এই নিয়ে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের দাপুটে নেতা অসিত মজুমদার। 


টানা তিন বারের বিধায়ক তিনি। রাজ্যে যখন বামফ্রন্টের রাজত্ব, সেই সময় ২০১১ সালে চুঁচুড়া থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে প্রথমবার জয় লাভ করেন অসিত মজুমদার। তাঁর জায়গায় এবারে প্রার্থী করা হয়েছে দেবাংশু ভট্টাচার্যকে। আক্ষেপের সুরে বিদায়ী বিধায়ক বলেন, বাম আমলে ভোটে জিতে বিধায়ক হয়েছি। আজ দলের সুদিন, এবারে আর আমাকে প্রার্থী করা হল না।" 


তাঁর কথায়, "আমরা তো চুনোপুটি লোক, তাহলে আমাদের সাথে কেন কথা বলবে। আমি মনে করেছি খামতি নেই, ওরা মনে করেছে আমার খামতি আছে। না হলে তিনবার আমাকে দিল এবার দিল না কেন! দলের লোকের আমার ভালোবাসে তাই ওদের মন ভেঙে গেছে। এটা আবেগ। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তিনবার আমায় টিকিট দিয়েছে, এখন মনে করেছে দেবাংশু ভালো হবে তাই দিয়েছে। ধন্যবাদ জানালাম দলকে।"


রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথাও ঘোষণা করেন তিনি। বলেন, "এবার থেকে বই আছে, ক্লাব আছে, বই পড়ে সময় কাটাব। একদম তো বেকার হয়ে যায়নি, আবার দরকার বলে ওকালতি শুরু করব। উকিলের ডিগ্রী আছে, বার কাউন্সিলের সার্টিফিকেট আছে আবার কোর্টে যাব। তবে রাজনীতি আর করব না। রাজনীতি থেকে বিশ্রাম নিলাম। দল কাজ করতে বললেই করতে হবে নাকি?"

 

তবে অন্য দলে যাচ্ছেন কিনা সে বিষয়ে অসিত মজুমদার বলেন, "এখনও ভেবে দেখিনি। তবে আমারও দলের একটা পরিবার আছে। তাঁদের সাথে আলোচনা করব। এরপর ভেবে দেখব কি করা যায়।"

No comments:

Post a Comment

Post Top Ad