নিজস্ব সংবাদদাতা, হুগলি: 'নতুন চুঁচুড়া তৈরি করা লক্ষ্য পাঁচ বছরে', প্রার্থী ঘোষণার পর চুঁচুড়ায় পা রেখে বললেন দেবাংশু। গত লোকসভা নির্বাচনে তমলুক বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন দেবাংশু ভট্টাচার্য। কিন্তু সেখানে বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে পরাজিত হতে হয়েছিল তাঁকে। তবে, তরুণ তুর্কি দেবাংশুর ওপরেই এবারে ভরসা রেখেছে তাঁর দল তৃণমূল কংগ্রেস। বিধানসভা নির্বাচনে চুঁচুড়া বিধানসভা কেন্দ্র থেকে দেবাংশুকে প্রার্থী করেছে শাসক শিবির।
এই আসনে গত তিনবারের জয়ী বিধায়ক অসিত মজুমদারকে এবারে টিকিট দেয়নি তৃণমূল। তাতে কিছুটা অভিমানের সুর শোনা গিয়েছে তাঁর গলাতে। এমনকি রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার কথাও বলেছেন বিদায়ী বিধায়ক অসিত মজুমদার। দলের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশও করেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় চুঁচুড়া ঘড়ির মোড়ে আসেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। সেখানে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন বহু তৃণমূল কর্মীরা। দেবাংশু বলেন, "পাঁচ বছরে নতুন চুঁচুড়া তৈরি করা আমার লক্ষ্য। চুঁচুড়ার মানুষ যেভাবে চুঁচুড়াকে দেখতে চায় তাঁদের মতামত, তাঁদের সবাইকে সঙ্গে নিয়ে এবং দলীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে নতুন চুঁচুড়া গড়ে তোলা আমার লক্ষ্য।"
তিনি আরও বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমি কৃতজ্ঞ। এখানকার মানুষ সচেতন হয়ে সিদ্ধান্ত নেন। বিজেপি এখানে এখনও কোনও প্রার্থী দেয়নি। তারা অপেক্ষা করছে তৃণমূল দেবে, তারপর প্রার্থী দেবে। গত বিধানসভা নির্বাচনে আমরা ২১৫ পেয়েছিলাম আর ৭৭ টা আসন পেয়েছিল বিজেপি। তার মানে আমরা ৭৭ টা জায়গায় নিশ্চয়ই দুর্বল ছিলাম। এবার বিজেপির আসন ৭৭ থেকে নেমে ৩৭-এর নিচে হবে।"
বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের সঙ্গে আপনার কোন কথা হয়েছে ? সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে দেবাংশু বলেন, "এখনও কোনও কথা হয়নি। তবে তাঁর সঙ্গে নিশ্চয়ই কথা বলব। আমি ওনার সন্তানের বয়সী। তিনি আমার কাছে পিতৃতুল্য। যতই মান-অভিমান থাকুক সন্তানকে কখনও ফেরাবেন না।"
সেইসঙ্গে তাঁর বক্তব্য, "দল আমাকে যেভাবে কাজে লাগিয়েছে, আমি সেভাবেই কাজ করেছি।"

No comments:
Post a Comment