নিজস্ব সংবাদদাতা, বারাসত: একুশের বিধানসভা নির্বাচনের তুলনায় এবার উত্তর চব্বিশ পরগনা জেলার মোট ভোটারের সংখ্যা কমেছে। অথচ বেড়েছে বুথের সংখ্যা। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০২৬- এর নির্বাচনে জেলার বুথ বেড়েছে ১৯ টি। এ বছর জেলায় মোট বুথের সংখ্যা হয়েছে ৮ হাজার ৮৭০ টি। গত নির্বাচনে ছিল ৮ হাজার ৮৫১। ১২০০ ভোটার পিছু একটি বুথ।নির্বাচন কমিশনের এই নতুন নিয়মের ফলেই এবার ১৯ টি বুথ বেড়েছে বলেই জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
রাজ্যের বিধানসভার নির্বাচনী নির্ঘণ্ট ইতিমধ্যেই ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই নিরিখে উত্তর চব্বিশ পরগনা জেলার ৩৩ বিধানসভা নির্বাচন হবে আগামী ২৯ এপ্রিল। দ্বিতীয় দফায় জেলার ভোট অংক্রান্ট বিষয় নিয়েই সোমবার জেলা শাসকের দপ্তরে সাংবাদিক সম্মেলন করেন জেলার নতুন জেলা শাসক সিয়াদ এন। দ্বিতীয় দফায় জেলার ৩৩ টি বিধানসভার ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ হবে আগামী ২ এপ্রিল।নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ ৯ এপ্রিল।নমিনেশন প্রত্যাহারের শেষ দিন ১৩ এপ্রিল। ভোট গ্রহণ ২৯ এপ্রিল।
২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে গত ৪ নভেম্বর থেকে এরাজ্যে শুরু হয়েছে স্পেশাল ইনসেনটিভ রিভিউ পিটিশন (সার ) । ২০২১ এর বিধানসভা নির্বাচনে জেলার মোট ভোটারের সংখ্যা ছিল ৭৬ লক্ষের বেশি।কিন্তু ২৮ ফেব্রুয়ারি কমিশনের চূড়ান্ত তালিকা অনুযায়ী এই জেলায় মোট ভোটার সংখ্যা হয়েছে ৭৩ লক্ষ ৮৮ হাজার ৩৮ জন।এর মধ্যে পুরুষ ভোটার ৩৭ লক্ষ ৫৩ হাজার ৩৯৩ ।মহিলা ভোটারের সংখ্যা ৩৬ লক্ষ ৩৪ হাজার ৪৩৯।তৃতীয় লিঙ্গের ভোটার ২০৬ জন।জেলার মোট ভোটারের মধ্যে বিচারাধীন ৫ লক্ষ ৯১ হাজার ভোটার ও রয়েছে বলেই এদিন জানিয়েছেন জেলা শাসক।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এবছর জেলার মোট বুথের সংখ্যা ৮ হাজার ৮৭০। এরমধ্যে অকজিলারি বুথের সংখ্যা ১৯৮ টি। গত বিধানসভা নির্বাচনে মোট বুথ ছিল ৮ হাজার ৮৫১। ফলে ২০২৬ এ বুথ বেড়েছে ১৯ টি।ইতিমধ্যেই নির্বাচনী বিধি শুরু হয়ে গিয়েছে।বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই শুরু হবে প্রচার।রাজনৈতিক দলের প্রার্থীদের ভোট প্রচারের গাড়ি,জনসভা থেকে মিছিল সহ হেলিকপ্টার ব্যবহারের অনুমতির জন্য সিঙ্গল উইন্ডো সিস্টেমে ' সুবিধা ' ও ' সুগম' পোর্টাল চালু করেছে জেলা প্রশাসন। ভোটের পাঁচ দিন আগেই ভোটার স্লিপ দেওয়া হবে ভোটারদের।ভোটার স্লিপে থাকা কিউ আর কোড স্ক্যান করলেই বুথ, ভোটের তারিখ জানতে পারবেন ভোটাররা।
এই প্রসঙ্গে জেলা শাসক সিয়াদ এন বলেন,নির্বাচন কমিশনের গাইড লাইন অনুযায়ী উত্তর চব্বিশ পরগনা জেলার ৩৩ টি বিধানসভায় সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে প্রস্তুত জেলা প্রশাসন।

No comments:
Post a Comment