নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ২২ মার্চ ২০২৬: বঙ্গে ভোটের দামামা বেজেছে। প্রার্থীও ঘোষণা করে দিয়েছে বিভিন্ন দলগুলো। ভোটযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন প্রার্থীরাও। রবিবার ছুটির দিনে হইহই করে প্রচার সারছেন শাসক-বিরোধী সব দলের প্রার্থীরাই। উত্তর ২৪ পরগনা জেলার নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংকেও এদিন দেখা গেল জোরকদমে প্রচার সারতে। রবিবাসরীয় সকালে দলীয় কর্মীদের নিয়ে তিনি বেরিয়ে পড়লেন নির্বাচনী প্রচারে।
এদিন ইছাপুর আনন্দমঠ অঞ্চলের সকল মানুষের সাথে জনসংযোগ সারেন অর্জুন সিং। জয়ের ব্যাপারে একশো ১০০ শতাংশ আশাবাদী অর্জুন। তাঁর কথায় নোয়াপাড়া কেন্দ্রে জয় লাভ তো নিশ্চিত, এখানে শুধুমাত্র মার্জিন বাড়ানোর লড়াই। তাঁর দাবী, মানুষ পরিবর্তন চায়। এছাড়াও এদিন ভোট প্রচারের মাঝেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের শাসক দলকে আক্রমণ শানান বিজেপি প্রার্থী অর্জুন সিং।
তিনি বলেন, "কাল থেকেই প্রচার শুরু করে দিয়েছি, আজ দ্বিতীয় দিন। মানুষের সাড়া পাচ্ছি। মানুষ যেভাবে আশীর্বাদ করছেন, তাতে বোঝা যাচ্ছে পরিবর্তন নিশ্চিত আছে।" তিনি জোর দিয়ে বলেন, "নোয়াপাড়ার তো পরিবর্তন হবেই।"
বরানগরে শনিবার তৃণমূল-বিজেপি সংঘর্ষ নিয়ে অর্জুন বলেন, "তৃণমূলের যাওয়ার সময় হয়েছে, তখন এরকম ঘটনা ঘটাবে।" তাঁর মন্তব্য, "রোজই এরকম হবে, নির্বাচন কমিশনকে একটু সঠিক থাকতে হবে।"
আরজি করে লিফটে যুবকের মৃত্যু নিয়ে তৃণমূল সরকারকে নিশানা করেন বিজেপি প্রার্থী। অর্জুন সিং বলেন, "বাংলায় সরকারি অবস্থা, পরিকাঠামো ভেঙে পড়েছে। সব জায়গায় শুধু তোলাবাজি আছে।" এর পাশাপাশি, মঞ্জু ঘোষের সঙ্গে তাঁর দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় খুব খারাপ করেছেন বলেও মন্তব্য করেন বিজেপি প্রার্থী।

No comments:
Post a Comment