প্রেসকার্ড নিউজ বিনোদন ডেস্ক, ২১ এপ্রিল :টিআরপি-র ইঁদুর দৌড়ে মুখ থুবরে পড়ছে একের পর এক ধারাবাহিক। বাংলা সিরিয়ালের জগতে এখন শুধুই বন্ধ হওয়ার খবর। একদিকে জি-বাংলা শেষ করেছে আমাদের দাদামণি। অন্যদিকে জলসায় বন্ধ রাঙামতি তিরন্দাজ। চর্চা, শীঘ্রই শেষ হতে চিরদিনি তুমি যে আমার। সেই রেশ কাটতে না কাটতেই আরও এক মেগার ঝাঁপ বন্ধ হওয়া দর্শকদের মনে বিষণ্ণতা তৈরি করেছে।
মাত্র আট মাসের মাথাতেই ইতি টানছে সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘বৃন্দাবন বিলাসিনী’। গত বছরের ৩১ আগস্ট জাঁকজমক করে শুরু হওয়া এই সফরের শেষ দিনের শুটিং ইতিমধ্যেই সেরে ফেলেছেন রাহুল গাঙ্গুলি এবং সুদীপ্তা রায়-সহ গোটা টিম।
‘বাংলা টকিজ’ প্রযোজিত এই ধারাবাহিকের গল্পে রাহুল এবং সুদীপ্তার রসায়ন দর্শকদের বেশ পছন্দের ছিল, কিন্তু টিআরপি-র লড়াইয়ে হয়তো পিছিয়ে পড়াই কাল হলো এই মেগার। ‘বৃন্দাবন বিলাসিনী’র স্লটে সোমবার থেকেই দেখা যাবে সোহাগে আদরে। শ্যুটিংয়ের শেষদিন রীতিমতো চোখে জল নিয়েই কাজ শেষ করলেন কলাকুশলীরা। কেক কেটে চলল বিদায়বেলার সেলিব্রেশন। অল্প কয়েকদিনেই সান বাংলার দর্শকদের প্রিয় মেগা হয়ে ওঠেছিল বৃন্দাবন বিলাসিনী।
একটি দরজা বন্ধ হতে না হতেই ফের নতুন সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। গুঞ্জন রয়েছে, এই প্রযোজনা সংস্থার নতুন প্রজেক্টেই দেখা যেতে পারে আদৃত রায় এবং সুস্মিতা দে-র মতো জনপ্রিয় জুটিকে। যদিও আদৃত-সুস্মিতার মেগা আসবে জি কিংবা জলসার মত লিডিং চ্যানেলে।

No comments:
Post a Comment