অন্নপূর্ণা যোজনার ফর্ম বিলি নিয়ে উত্তেজনা! বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ, পাল্টা তৃণমূলের বিরুদ্ধে হুমকির নালিশ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, April 21, 2026

অন্নপূর্ণা যোজনার ফর্ম বিলি নিয়ে উত্তেজনা! বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ, পাল্টা তৃণমূলের বিরুদ্ধে হুমকির নালিশ


দুর্গাপুর: আর একটা দিন পরেই রাজ্যে প্রথম দফার নির্বাচন। সেই আবহেই অন্নপূর্ণা যোজনার ফর্ম বিলি ঘিরে চরম উত্তেজনা দুর্গাপুরে। দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘোরুইকে ঘিরে ধরে বিক্ষোভ। দুর্গাপুরের পুরসা এলাকায় মঙ্গলবার ব্যাপক উত্তেজনা ছড়ায় এই ঘটনাকে কেন্দ্র করে। ঘটনাস্থলে পুলিশ। ভোটের আগে মানুষকে প্রলোভন দিচ্ছে বিজেপি, দাবী শাসক দলের। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে হুমকির অভিযোগ পদ্ম শিবিরের। 


অভিযোগ, এদিন প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থী-সহ অন্যান্যরা বাড়ি বাড়ি গিয়ে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলি এবং সেই ফর্ম পূরণ করাচ্ছিলেন। খবর চাউর হতেই তৃণমূলের স্থানীয় নেতৃত্ব সেখানে পৌঁছালে বাদানুবাদে জড়িয়ে পরে উভয় পক্ষ। বিজেপি প্রার্থীকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও বিজেপির দাবী, কোনও ফর্ম ফিলাপ করা হয়নি। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তোলে বিজেপি প্রার্থী-সহ অন্যান্য কর্মীরা।


এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী লক্ষণ ঘোরুই বলেন, "পুরসা এলাকায় আমাদের বুথ সভাপতি, যারা মহিলা নেত্রী আছেন, বাড়ি-বাড়িতে স্থানীয় তৃণমূল নেতার নেতৃত্বে পুরো গুন্ডা বাহিনী ধমকাচ্ছে; 'ঘর থেকে বেরোবেন না, দেখে নেব, ভোট পেরোলে বুঝে নেব'। আমি খবর নিতে এসেছিলাম।" তাঁর বক্তব্য, "এখনও ভোট শুরু হয়নি, তার আগে ধমকানো-চমকানো শুরু হয়ে গেছে। মনে রাখবেন এটা বিজেপি, আমরা এক ইঞ্চি মাটি ছাড়ব না।" তিনি বলেন, "জল নেই রাস্তা নেই, বিদ্যুৎ নেই, মানুষ হাহাকার করছেন আর তৃণমূল নেতারা গুন্ডামি করবেন, আমরা ছেড়ে দেব! আজ এসেছিলাম, সাবধান করে গেলাম।"


অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবী, ভোটের আগে প্রলোভন দিচ্ছে বিজেপি। তারই প্রতিবাদ করছেন সাধারণ মানুষ। তৃণমূল নেতা সুব্রত মুখার্জি বলেন, "ওনারা অন্নপূর্ণা ভান্ডারের ফরম ফিলাপ করছেন। এটা নির্বাচন কমিশনের নিয়ম বহির্ভূত। আমরা ওনাদের অনুরোধ করে গেলাম এটা করবেন না।"

No comments:

Post a Comment

Post Top Ad