হামলার মুখে আরাবুল ইসলাম! আইএসএফ প্রার্থী গাড়িতে ভাংচুর, ভাঙল কাঁচ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, April 21, 2026

হামলার মুখে আরাবুল ইসলাম! আইএসএফ প্রার্থী গাড়িতে ভাংচুর, ভাঙল কাঁচ

 


দক্ষিণ ২৪ পরগনা, ২১ এপ্রিল ২০২৬: ভোটের প্রচারে বেরিয়ে আক্রান্ত ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী। আরাবুল ইসলামের অভিযোগ, তাঁর গাড়িতে হামলা চালানো হয়েছে, গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালায় বলে অভিযোগ আইএসএফ প্রার্থীর। লাঠি-রড দিয়ে মারধর করা হয় আইএসএফ কর্মীদের উপর। গুরুতর জখম হন বেশ কয়েকজন কর্মী। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার ক্যানিং এক নং দেউলি গ্রাম পঞ্চায়েতে আঁখড়াতলা এলাকায়।


কোনও রকমে গাড়ি নিয়ে চম্পট দেয় আরাবুল ইসলাম। মঙ্গলবার সকালে এসএফআই কর্মীদের নিয়ে ক্যানিং পূর্ব বিধানসভার দেউলি ১ নং অঞ্চলে আঁখড়াতলার ওপর দিয়ে যাওয়ার সময় তাঁর গাড়িতে হামলা করে একদল যুবক। এতে গুরুতর জখম হন একাধিক আইএসএফ কর্মী। অভিযোগ, আরাবুলের গাড়িতে বাঁশ, লাঠি দিয়ে হামলা চালানো হয়। এমনকি ইটও ছোড়া হয়। গাড়ির পেছনের অংশ ভেঙে চুরমার হয়ে যায়। লাঠিপেটা করা হয় আইএসএফ কর্মীদের। তৃণমূলের কর্মী-সমর্থকরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ আইএসএফের। ঘটনার জেরে ক্ষুব্ধ আরাবুল ইসলাম ও তাঁর ছেলে হাকিমুল ইসলামের নেতৃত্বে পথ অবরোধ করা হয় বাসন্তী হাইওয়েতে। সেখানেই বিক্ষোভ দেখান তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর জেলা পুলিশের দল।

 

সংবাদমাধ্যমে আরাবুল বলেন, 'প্রমাণ হয়ে যে ওরা সন্ত্রাস করে। ভোট করতে দেয় না। যারাই প্রার্থী হয় তাদের উপরেই হামলা করে। আজ আমার মাথায় মেশিন ঠেকিয়েছে, আমাকে মেরে দেওয়ার চেষ্টা হয়েছে। আমার গাড়িটি সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। আমরা অল্পের জন্য বেঁচে গিয়েছি।' পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। 


অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে ভাঙড়ের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা বলেন, 'প্রচারে ছিলাম। যতটুকু খবর পেয়েছি আরাবুল নিজে দুজন মহিলাকে মারধর করেছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুধু নয়, গত ১৫ দিন ধরে এলাকায় এরকম গুন্ডামি চালাচ্ছে। ভাঙড়ে এতদিন যে নোংরামিটা ও করত এখন তা করছে ক্যানিংয়ে। আমাদের বেশকিছু ছেলেকে মারধর করা হয়েছে। বাড়িতে ঢুকে ভাঙচুর করা হয়েছে। এই নোংরামি আরাবুল নিজে এবং তাঁর ছেলেরা করছে। সব বাইরের লোক এনেছে।' তাঁর কথায়, আরাবুলের এই নোংরামিরর জবাব ক্যানিংয়ের মানুষ দেবে।'


প্রসঙ্গত, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে আইএসএফে যোগদান করেছেন ভাঙড়ের নেতা আরাবুল ইসলাম। এরপরই নওশাদের দল ক্যানিং পূর্ব বিধানসভা আসন থেকে তাঁকে প্রার্থী করেছে।

No comments:

Post a Comment

Post Top Ad