'পশ্চিমবাংলায় ক্ষমতায় আসছি', জোরালো দাবী দিলীপের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, April 16, 2026

'পশ্চিমবাংলায় ক্ষমতায় আসছি', জোরালো দাবী দিলীপের


নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: 'মেজরিটি নিয়ে বিজেপি সরকার গড়বে', এমনই মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমান বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বুধবার বিকেলে তিনি দাসপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী তপন দত্তের সমর্থনে নির্বাচনী প্রচারে আসেন। এদিন দাসপুরের তেঁতুলতলা থেকে রোড শো করে গোপীগঞ্জে আসেন দিলীপ ঘোষ। সেখানেই পথসভা করেন তিনি। 


এদিন মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, 'অন্ধ্রপ্রদেশ থেকে মাছ আসে, বড় বড় রুই মাছ, কাতলা মাছ রাস্তার ধারে বিক্রি হয়। ডিমও আসে।' তাঁর কটাক্ষ, 'দিদি মাছ-ডিমের গল্প বলছেন আর বাঙালিকে মাছ খাওয়ার ব্যবস্থা করতে পারেননি! ধার করতে হচ্ছে! ডুবে মরা উচিৎ। গলায় দড়ি দেওয়া উচিৎ এদের। এত নির্লজ্জ-বেহায়া।' 


দিলীপ ঘোষ বলেন, 'কতদিন বাঙালিকে বোকা বানাবেন! মাছ খাচ্ছি, খাব। আপনি ঘণ্টা কিছু করতে পারবেন না।' তাঁর দাবী বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে মৎস্য উৎপাদনে এক নম্বর করবে। বিজেপি নেতা বলেন, 'আপনার খাল-বিল-পুকুরে আমরা মাছের ব্যবস্থা করব। নরেন্দ্র মোদী নীল বিপ্লব ঘোষণা করেছেন। যাঁরা মৎস্যজীবী, মাছ চাষ করেন, বিক্রি করেন, নদী-সমুদ্রে যাঁরা মাছ ধরেন তাদের জন্য বিশেষ ব্যবস্থা করছেন। বিভিন্ন ধরণের ঋণের ব্যবস্থা করেছেন।'


মুখ্যমন্ত্রীকে নিশানা করে দিলীপের মন্তব্য, "এখানকার সমস্ত ভেড়ি দিদির চামচারা দখল করে নিয়েছে। এখানে লুট করে, গুলি চলে, বন্দুক চলে। এই তো আপনার শাসন! বাঙালিকে মাছের গল্প বলে আর বোকা বানাবেন না।‌ আপনি মাছও দিতে পারেন না আর ভাতও দিতে পারেন না।"


তাঁর কটাক্ষ, "দিদিমণি ধান চাষী, আলু চাষীদের খেয়ে ফেলেছেন।" চাষীদের দুরাবস্থা নিয়ে মমতাকে তোপ দেগে দিলীপ ঘোষ বলেন, "আজ নাকে কাঁদছেন! মোদীকে গালাগালি দিচ্ছেন। আরে মোদীর পায়ের তলায় বসার জন্য তিনটা জন্ম নিতে হবে।" 'লুট করে মিথ্যা কথা বলে, হিন্দু-মুসলমান করে রাজনীতি চলে না', দাবী দিলীপের। 


তাঁর দাবী, "এবারে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসছি। আমি দিলীপ ঘোষ বলে যাচ্ছি কারো হিম্মত নেই আটকায়।"


দিলীপ ঘোষ বলেন, "মোদীজি একটা কথা বলেছেন, 'সবকা সাথ, সবকা বিকাশ'। তিনি আরও একটা নতুন কথা বলেছেন, 'সবকা সাথ, সবকা বিকাশ এবং সবকা হিসাব'। হিসাব মানে কেন্দ্রের পাঠানো টাকার।" তাঁর হুঁশিয়ারি, "মিড ডে মিলের টাকা চুরি হয়েছে, হিসাব হবে। একশো দিনের কাজের টাকা চুরির হিসাব হবে। রাস্তা, জল, বিদ্যুৎ, ফুটপাতের টাকা লুট হয়েছে, সব হিসাব হবে। আমাদের ৩০০ কর্মীকে তৃণমূল খুন করেছে, এরও কড়ায়-গণ্ডায় হিসাব হবে।"


পরবর্তীতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপের দাবী, এবারের ভোটে বিজেপির জয় নিশ্চিত। তিনি বলেন, "দাসপুরের মানুষ কেমন শান্ত হয়ে শুনছেন বিজেপিকে। পরিবর্তনের হাওয়া এখানে লেগে গেছে।" খড়গপুর সদর নিয়ে দিলীপের জোর গলায় বলেন, "সেখানে বিজেপি আছে এবং থাকবে। ভালো ভোটে জিতবে।" তাঁর দাবী, "মেজরিটি নিয়ে বিজেপি সরকার গড়বে।"

No comments:

Post a Comment

Post Top Ad