ঝেঁপে বৃষ্টি, জেলায় জেলায় কালবৈশাখীর তাণ্ডব! হলুদ সতর্কতা - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, April 16, 2026

ঝেঁপে বৃষ্টি, জেলায় জেলায় কালবৈশাখীর তাণ্ডব! হলুদ সতর্কতা

 


কলকাতা: বৈশাখের শুরুতেই গরমে নাজেহাল রাজ্যবাসী। নির্বাচনী উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সূর্যের তেজ। তবে এই আবহে কিছুটা স্বস্তির খবর শোনালো হাওয়া অফিস। রাজ্যের বেশ কয়েকটি জেলায় ঝড়ো বৃষ্টির সম্ভাবনা। সেইসঙ্গে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে হাওয়া। এর পাশাপাশি কলকাতাতে আজ দিনভর মেঘলা থাকবে আকাশ। দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়।


আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই জেলাগুলোর দু-এক জায়গায় ঘন্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির দু-এক জায়গাতেও হালকা থেকে মাঝারি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে এক বা দুটি জায়গায় বজ্রপাত ও ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে।


উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। শনিবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বৃহস্পতিবার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে কালবৈশাখীর পূর্বভাস, সঙ্গে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে এখানে ঝোড়ো হাওয়া বইতে পারে। আলিপুর হাওয়া অফিসের তরফে এই জেলাগুলোতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। 


অন্যদিকে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের দু-এক জায়গায় গরম ও আর্দ্র আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। পাশাপাশি আগামী দিনে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে এক বা দুই জায়গায় বজ্রপাত এবং ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়াসহ ঝড়ের সম্ভাবনা রয়েছে প্রবল।

No comments:

Post a Comment

Post Top Ad