উত্তর ২৪ পরগনা: বুথ পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পানিহাটির বিজেপি প্রার্থী। বিজেপি প্রার্থী রত্না দেবনাথকে ঘিরে 'গো ব্যাক' স্লোগান। অভিযোগের তির তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। বুধবার ঘটনা ঘিরে উত্তেজনা। ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
এদিন আগরপাড়ার নিউ আদর্শনগরে গাড়ি নিয়ে গিয়েছিলেন অভয়ার মা তথা বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। ২৫ নম্বর ওয়ার্ডে গাড়ি থেকে নামতেই তাঁকে দেখে 'জয় বাংলা', 'গো ব্যাক' স্লোগান দেওয়া হয়। কয়েকজন চিৎকার করে বলতে থাকেন, 'বিজেপি হঠাও, দেশ বাঁচাও।' এর পরেই এলাকা ছাড়েন বিজেপি প্রার্থী। বিক্ষোভকারীদের দাবী, পানিহাটি বিধানসভায় ২৫ নম্বর ওয়ার্ডের ১৬৫ নম্বর বুথে বিজেপি প্রার্থী তাঁর দলবল নিয়ে ঢুকে পড়েন। সেটাও আবার বুথের ১০০ মিটারের মধ্যে। তাতেই এলাকার মানুষ বাধা দেন।
অন্যদিকে বিজেপি প্রার্থীর বক্তব্য, কেন এরকম করা হচ্ছে তিনি জানেন না। তিনি বলেন, "ওরা আমাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে। আগের বুথেও এরকম হয়েছে। জয় বাংলা স্লোগান দিচ্ছে। আমার এজেন্টকে মারধরের চেষ্টা করা হচ্ছে।" এদিকে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে দেখেই ছুটে আসে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তাদের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি।
উল্লেখ্য, বুধবার কড়া নিরাপত্তার মধ্যে রাজ্যে চলছে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ। এদিন ১৪২টি কেন্দ্রে ভোট হচ্ছে। তালিকায় আছে উত্তর ২৪ পরগনার পানিহাটি আসনও। এখানে পদ্ম শিবির প্রার্থী করেছে আরজি করের নির্যাতিতার মাকে। তৃণমূলের প্রার্থী বিদায়ী বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। অন্যদিকে সিপিএমের প্রার্থী তরুণ মুখ কলতান দাশগুপ্ত। ভোটের দিন সকাল থেকেই ময়দানে নেমে পড়েছেন প্রার্থীরা।

No comments:
Post a Comment