'ভোট না দিতে পারলে গলায় দড়ি দেব', জাতীয় সড়ক অবরোধ গাড়ি চালকদের - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, April 29, 2026

'ভোট না দিতে পারলে গলায় দড়ি দেব', জাতীয় সড়ক অবরোধ গাড়ি চালকদের


নদিয়া: 'ভোট না দিতে পারলে গলায় দড়ি দেব', জাতীয় সড়ক অবরোধ গাড়ি চালকদের। ঘটনাস্থল নদিয়ার কৃষ্ণনগর। দ্বিতীয় দফার ভোটের দিন ব্যাপক উত্তেজনা ঘটনা ঘিরে। 


ভোট দিতে গিয়ে দেখেন ভোট হয়ে গেছে। কারা দিল এই ভোট তা নিয়ে দুঃশ্চিন্তায় বিডিও অফিসে নির্বাচনের কাজে যুক্ত সমস্ত গাড়ি চালকরা। নদিয়ার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ১ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দফতরে নির্বাচনে একাধিক গাড়ি ভাড়া নেওয়া হয়েছে। 


আর সেই গাড়ির চালকরা এদিন যখন নিজেদের বুথে ভোট দিতে যান, তাঁরা জানতে পারেন তাদের ভোট হয়ে গেছে। কারা দিল তাদের এই ভোট! তা এখনও জানেন না তারা। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। প্রতিবাদে ১২ নম্বর জাতীয় সড়কের ওপর বিক্ষোভ প্রদর্শন শুরু করেন সমস্ত চালকরা। তাঁদের দাবী, অবিলম্বে তাঁদের ভোটের ব্যবস্থা করতে হবে। না হলে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হওয়ার হুমকিও দিয়েছেন তারা। 


গাড়িচালক তথা এক বিক্ষোভকারী মতিউর রহমান বলেন, "আমাদের চালকদের বলছে ভোট হয়ে গেছে। আমরা কোনও জায়গায় সই করিনি, ভোটও দিইনি। আমি সৌদি আরব থেকে কাল এসেছি ভোট দেওয়ার জন্য। বলছে ভোট হয়ে গেছে। কি করে ভোট হয়! আমি ভোট দেব। ভোট দিতে না পারলে গলায় দড়ি দেব, পরিষ্কার কথা।"


কে ভোট দিয়েছে তা তিনি জানেন না। মতিউর বলেন, "কে ভোট দিয়েছে আমি কি করে জানব! ভোট দিতে গেলে অফিস থেকে বলছে আপনার ভোট হয়ে গেছে।" তিনি জানান, তাঁরা ৪৫০ জন আছেন এবং সকলের দাবী, ভোটটা তাঁরা দেবেন।


অন্য বিক্ষোভকারী নান্টু শর্মা বলেন, "আমরা ২ তারিখ থেকে বিডিও অফিসে খাটছি। ভোট নিয়ে আমাদের কিছু বলা হয়নি। আমরা যে যার বুথে আমাদের ভোট দিতে চাই। ভোট দিতে না পারলে আমরা আবার রাস্তা অবরোধ করব।" তিনি বলেন, 'আমাদের বলছে পোস্টাল ব্যালোটে ভোট হয়ে গেছে। কিন্তু আমরা সই ও করিনি, টিপ ছাপও দিইনি। আমরা চাই সুষ্ঠুভাবে ভোটটা দিতে।'


অন্যদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন বিজেপি প্রার্থী সাধন ঘোষ। তিনি সরাসরি কৃষ্ণনগর এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের ওপর গোটা দোষ চাপিয়েছেন। তাঁর অভিযোগ, বিডিও তৃণমূলের দলদাস হয়ে কাজ করতেন।

No comments:

Post a Comment

Post Top Ad