নাবালিকার সঙ্গে দুষ্কর্মের চেষ্টা! আসানসোলে গ্ৰেফতার সিআইএসএফ জওয়ান, তুমুল উত্তেজনা - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, April 27, 2026

নাবালিকার সঙ্গে দুষ্কর্মের চেষ্টা! আসানসোলে গ্ৰেফতার সিআইএসএফ জওয়ান, তুমুল উত্তেজনা


পশ্চিম বর্ধমান: আমের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, অভিযোগের তির সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ঘটনায় ব্যাপক উত্তেজনা আসানসোলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত জওয়ানের নাম রমাকান্ত বিশ্বকর্মা। 


কাঁচা আম তুলতে যাওয়া এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ)-এর এক জওয়ানের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযুক্তের গ্রেফতারের দাবীতে স্থানীয় বাসিন্দারা শীতলপুরে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখায়। 


স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে শীতলপুর লালবাজার সিআইএসএফ ক্যাম্পের কাছে দুই নাবালিকা কাঁচা আম তুলতে একটি কোয়ার্টারে যায়। অভিযোগ, সেখানে কর্মরত ওই জওয়ান রমাকান্ত তাদের বেশি আম দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের কোয়ার্টারে নিয়ে যায়।


এরপর তিনি এক পাঁচ বছরের শিশুকে বাইরে দাঁড় করিয়ে রেখে প্রায় দশ বছরের ওই নাবালিকাকে ভিতরে নিয়ে গিয়ে তাঁর সঙ্গে অশালীন আচরণ ও ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। নাবালিকা ভয়ে চিৎকার শুরু করলে অভিযুক্ত জওয়ান ঘটনাস্থল থেকে স্কুটিতে চেপে পালিয়ে যায়। নাবালিকা বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের পুরো ঘটনার কথা খুলে বলে। 


ঘটনার জানাজানি হতেই ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা শীতলপুর সিআইএসএফ ক্যাম্প ঘেরাও করে বিক্ষোভ দেখান। পরে নির্যাতিতার বাবা ও স্থানীয় নেতা রতন মশীহের নেতৃত্বে সকতোরিয়া ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তকে গ্রেফতারের দাবীতে শীতলপুর তিন নম্বর গেটে পথ অবরোধ শুরু করেন স্থানীয়রা। তাঁদের দাবী ছিল— যতক্ষণ না অভিযুক্তকে গ্রেফতার করা হচ্ছে, ততক্ষণ আন্দোলন চলবে।


পরিস্থিতি নিয়ন্ত্রণে সকতোরিয়া ফাঁড়ির ইনচার্জ বিনয় দাস ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের শান্ত করেন এবং অভিযুক্তকে ধরতে সিআইএসএফ ক্যাম্পে যান। পরে অভিযুক্তকে গ্রেফতার করা হলে অবরোধ তুলে নেওয়া হয়। 


সকতোরিয়া ফাঁড়ির ইনচার্জ বিনয় দাস বলেন, নাবালিকার পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই ভিত্তিতেই গ্ৰেফতার করা হয়েছে অভিযুক্তকে। এদিকে রাজ্যে দ্বিতীয় দফায় নির্বাচন, সেই আবহে এমন ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

No comments:

Post a Comment

Post Top Ad