অশান্ত জগদ্দল! গুলিবিদ্ধ সিআইএসএফ জওয়ান - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, April 27, 2026

অশান্ত জগদ্দল! গুলিবিদ্ধ সিআইএসএফ জওয়ান

 


উত্তর ২৪ পরগনা: ভোটের মুখে গুলিবিদ্ধ সিআইএসএফ জওয়ান। ঘটনাস্থল সেই ভাটপাড়া, জগদ্দল থানা এলাকা। উত্তেজনা ভাটপাড়ায়। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুলিবিদ্ধ জওয়ানের নাম যোগেশ শর্মা। পবন সিং এর নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি।


দ্বিতীয় দফার নির্বাচনের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়া জগদ্দল এলাকা। রবিবার রাতে জগদ্দলের আটচালা বাগান এলাকায় তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় নামানো হয়েছে কেন্দ্রীয় বাহিনী ও র‍্যাফ।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যার পর থেকেই দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়, চলে সংঘর্ষ। অভিযোগ, মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং শুরু হয় ইটবৃষ্টি। ঘটনায় কয়েকজন আহত হন বলে খবর। এদিকে, জগদ্দল কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজেশ কুমার থানায় অভিযোগ জানাতে গেলে নতুন করে উত্তেজনা ছড়ায়। বিজেপির অভিযোগ, থানার সামনেই তৃণমূল কর্মী-সমর্থকরা তাঁদের ওপর হামলা চালায় এবং ইট ছোঁড়া হয়। 


অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের তরফে ভাটপাড়া কেন্দ্রের প্রার্থী অমিত গুপ্ত দাবী করেছেন, তাঁদের এক কর্মীকে মারধর করা হয়। অভিযোগ, সেই ঘটনার প্রতিবাদ জানাতে গেলে বিজেপি নেতা অর্জুন সিং ও তাঁর অনুগামীরা তৃণমূল কর্মীদের ওপর চড়াও হন।

পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে এবং জগদ্দল থানার গেটে তালা লাগিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করা হয়েছে। 


এদিকে অভিযোগ, থানার সামনে অশান্তির পর বিজেপি প্রার্থী পবন কুমার সিং-এর বাড়িতে হামলা চালায় তৃণমূলের কর্মীরা এবং গুলিও চালানো হয়। সেই গুলিতেই এক সিআইএসএফ জওয়ান গুলিবিদ্ধ হন। তাঁর পায়ে গুলি লাগে। আহত জওয়ানকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে এলাকায় বিপুল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।


নির্বাচনের আগে জগদ্দলে বারবার উত্তেজনার ছবি সামনে আসায় উদ্বেগ বাড়ছে প্রশাসনের। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় বিজেপি নেতৃত্ব। এই বিষয়ে পুলিশের তরফ থেকে ক্যামেরার সামনে কিছু বলতে চায়নি। এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। পবন সিং দাবী করেন, তাঁর বাড়ির সামনে আচমকাই তৃণমূলের দুষ্কৃতীরা বোমাবাজি করে। তার সিকিউরিটি বাইরে পরিস্থিতি দেখতে এলে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।

No comments:

Post a Comment

Post Top Ad