কলকাতা: 'অর্জুন সিং মানেই গুলি-বোম বন্দুক', জগদ্দল গুলি কাণ্ডে বিস্ফোরক মন্তব্য তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের। পাশাপাশি পুলওয়ামা কাণ্ড বিজেপি ঘটিয়েছে বলেও সরাসরি তোপ দাগেন দেবাংশু।
দ্বিতীয় দফার নির্বাচনের আগে উত্তর ২৪ পরগনার জগদ্দল থানা এলাকায় তৃণমূল কংগ্রেস ও বিজেপির সংঘর্ষকে কেন্দ্র করে রবিবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায়। অশান্তির এই আবহে এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন, যা নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা।
এই বিষয়ে এবারে বিস্ফোরক মন্তব্য করলেন চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। এই ঘটনায় তিনি সরাসরি বিজেপি প্রার্থী অর্জুন সিং ও বিজেপির দিকে আঙুল তুলেছেন। বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেছেন। এক সংবাদমাধ্যমে তিনি বলেন, "ঘটনাস্থলে তো অর্জুন সিংও ছিলেন। আর অর্জুন সিং মানেই গুলি-বোম, বন্দুক। একটু খোঁজ নিয়ে দেখুন গুলিটা দেখবেন বিজেপিই চালিয়েছে। বিজেপির কারো থেকেই গুলিটা বেরিয়েছে।"
তাঁর কথায়, “বিজেপি প্রতিবারই এ ধরণের ঘটনা ঘটায়। এবারে জওয়ানের ওপর নিজেরা গুলি চালিয়ে, তৃণমূল কাউন্সিলরকে গ্ৰেফতার করে একটা বাতাবরণ তৈরির চেষ্টা। যাতে কেন্দ্রীয় বাহিনীর মনে অন্যরকম চিন্তাভাবনা ঢুকিয়ে দেওয়া যায়। কেন্দ্রীয় বাহিনীকে উত্তেজিত করে তোলা যায়। সবটাই তো পরিকল্পনার অংশ। যেমন শীতলকুচি গতবার পরিকল্পনার অংশ ছিল।
তাঁর দাবী, 'বিজেপিকে ভরসা নেই। বিজেপি যা কিছু করতে পারে ভোটে জেতার জন্য।' তৃণমূল প্রার্থী দেবাংশুর কথায়, "বিজেপি যদি পুলওয়ামা করতে পারে ২০১৯ - এর আগে, তাহলে বিজেপি এটাও করতে পারে।"
রবিবার রাতে জগদ্দলের আটচালা বাগান এলাকায় তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। থানার সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু'পক্ষ। দফায় দফায় অশান্তি ছড়ায়। এই আবহেই গুলিবিদ্ধ হন এক সিআইএসএফ জওয়ান। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুলিবিদ্ধ জওয়ানের নাম যোগেশ শর্মা। বিজেপি প্রার্থী পবন সিংয়ের নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি।
অভিযোগ, থানার সামনে অশান্তির পর বিজেপি প্রার্থী পবন কুমার সিং-এর বাড়িতে হামলা চালায় তৃণমূলের কর্মীরা এবং গুলিও চালানো হয়। সেই গুলিতেই এক সিআইএসএফ জওয়ান গুলিবিদ্ধ হন। তাঁর পায়ে গুলি লাগে। আহত জওয়ানকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিপুল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।

No comments:
Post a Comment