পূর্ব মেদিনীপুর: ভোটের পরেই তুমুল উত্তেজনা। আক্রান্ত ১০ জন তৃণমূল কর্মী। তৃণমূলের পোলিং এজেন্ট-সহ কর্মীদের মারধর। ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বৃহস্পতিবার ভোট শেষে উত্তপ্ত হয়ে উঠল ময়না বিধানসভার বাকচা গ্ৰাম পঞ্চায়েতের আড়ংকিয়ারানা এলাকার ২৪১ নম্বর বুথ। ভোট শেষ হতে ইভিএম নিয়ে বেরোনোর পর তৃণমূল পোলিং এজেন্ট-সহ তৃণমূল কর্মীদের মারধর, কান ছিঁড়ে নেওয়া অভিযোগ। অভিযোগের তীর বিজেপির দিকে।
ঘটনায় ১০ জন তৃণমূল কর্মী আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যেই আক্রান্তদের ময়না প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। যদিও পাল্টা বিজেপির অভিযোগ, ঘটনাস্থলের সামনে এক বিজেপি নেতার বাড়িতে তৃণমূল কর্মীরা চড়াও হয় এবং তাঁর বাড়ি ভাঙচুর চালানোর চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় জেরে তমলুক সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার জেলা সম্পাদক সৌমেন ধারার মা অসুস্থ হয়ে পড়েন। তাঁকে ময়না প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়েছে।
এই ঘটনায় থানার দ্বারস্থ হয়েছে তৃণমূল ও বিজেপি। ঘটনায় ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। তবে ইভিএম মেশিন গুলো ও নিরাপত্তার সঙ্গে স্ট্রংরুমে নিয়ে যাওয়া হয়েছে। ওই এলাকার মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।
উল্লেখ্য, প্রথম দফায় ভোটে রাজ্যে বেশ কিছু জায়গায় অশান্তির খবর মিলেছে। ঝরেছে রক্ত। আক্রান্ত হয়েছেন শাসক-বিরোধী দলের কর্মী থেকে শুরু করে প্রার্থী, এমনকি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। প্রথম দফা নির্বাচনী অশান্তির ঘটনায় মুর্শিদাবাদের নওদাতে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও বীরভূমের দুবরাজপুরে ৩, বীরভূমের সাঁইথিয়াতে ৪, মুরারাইতে ৪ ও দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

No comments:
Post a Comment