নন্দীগ্রাম: 'শুভেন্দুর অস্তিত্ব একেবারে বিলুপ্ত হবে', ভোট শেষে দাবী নন্দীগ্রামের তৃণমূল প্রার্থীর। বৃহস্পতিবার ভোট শেষে বেশ খোশমেজাজেই দেখা গেল তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র করকে। বৃহস্পতিবার নিজের ওয়ার রুম থেকেই কার্যত ভোট পরিচালনা করেন পবিত্র। অন্যদিকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে দেখা যায় নির্বাচনের দিন রাস্তায় নেমে মেজাজ হারাতে। এই নিয়েই সংবাদমাধ্যমে মুখোমুখি হয়ে তীব্র কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী।
তিনি বলেন, "একেবারে নির্বিঘ্নে ভোট হয়েছে। কোনও অসুবিধা নেই এবং আমাদের জয় সুনিশ্চিত। বড় ব্যবধানে আমরা জয়লাভ করব।" শুভেন্দুর বুথে বুথে ঘোরা প্রসঙ্গে তিনি বলেন, "আমাদের আগেই পড়াশোনা হয়েছিল, পরীক্ষার দিন পড়াশোনা করতে হয়নি।"
তৃণমূল প্রার্থী বলেন, "একাধিক ইভিএম-এ সমস্যা হয়েছিল প্রাথমিকভাবে। পরবর্তীতে সেগুলো ঠিকঠাক হয়। আমরা যেদিন মনোনয়ন জমা দিই সেদিনই আমাদের জয় সুনিশ্চিত হয়েছিল। কেবলমাত্র ব্যবধান নিয়ে আমাদের লড়াইটা ছিল, সেটা আজকে সম্পন্ন করা হল।"
তাঁর দাবী, দু'জায়গায় সমস্যা হতে পারে আগে থেকেই বুঝতে পেরেছিলেন তিনি। পবিত্র কর বলেন, "২৭০ এবং ২৭১ নং বুথে কিছু সমস্যা হতে পারে আগে থেকেই মনে করেছিলাম। তার জন্যই ওখানে যাওয়া। সারাদিনের মধ্যে শুধু ওই দুটো বুথেই গিয়েছি।' উল্লেখ্য, এদিন বিকেলে নন্দীগ্রামের সাউদখালির ৭০ ও ৭১ নম্বর বুথে তৃণমূলের পোলিং এজেন্টকে বসতে দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ ওঠে। এরপরেই সেখানে যান পবিত্র কর এবং এজেন্টকে ফের বসিয়ে দিয়ে আসেন।
তাঁর অভিযোগ, ওখানে কোনও পোলিং এজেন্ট বসতে দেওয়া হয় না। তিনি বলেন, 'এবারে পোলিং এজেন্ট বসিয়েছি এবং সেখানে শেষমেষ নির্বিঘ্নে নির্বাচন সম্পন্ন করে পোলিং এজেন্ট বেরিয়ে আসছিল তখন তাঁকে মারধর করে। পরবর্তীকালে আমি পুনরায় গিয়ে বসিয়ে, শেষমেষ সম্পূর্ণ করে এসেছি।' তাঁর অভিযোগ, ওই দুটো বুথে প্রথম থেকেই ওরকম আছে, বিজেপি ওখানে নোংরামি করে, ছাপ্পা করে।'
শুভেন্দু অধিকারীর মেজাজ হারানো প্রসঙ্গে তাঁর কটাক্ষ, 'ভুলভাল বকছেন। আমাদের বলছেন আমরা পঞ্চাশটাতে পোলিং এজেন্ট দিতে পারিনি। উনি বরং একাধিক বুথে পোলিং এজেন্ট দিতে পারছেন না। যাই করুক না কেন, অস্তিত্ব একেবারে বিলুপ্ত হবে এটা নিশ্চিত।'

No comments:
Post a Comment