নির্বাচনের আগের রাতেই ঝরল রক্ত! তৃণমূল-সিপিএম সংঘর্ষে জখম ৩, উত্তপ্ত ডোমকল - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, April 23, 2026

নির্বাচনের আগের রাতেই ঝরল রক্ত! তৃণমূল-সিপিএম সংঘর্ষে জখম ৩, উত্তপ্ত ডোমকল


নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: রাজ্যে প্রথম দফার ভোটের ঠিক আগের রাতে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ডোমকল। বুধবার রাতে কুপিলা সরদার পাড়া এলাকায় সিপিএম ও তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধে। এই ঘটনায় দুই পক্ষের অন্তত তিন জন গুরুতর জখম হয়েছেন বলে খবর। দফায় দফায় উত্তেজনার জেরে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত সিপিএম কর্মীর বাড়ির সামনে। আহত বাম কর্মীর অভিযোগ, একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তাঁর বাড়ির সামনে এসে অশালীন ভাষায় গালিগালাজ করছিল। সেই ঘটনার প্রতিবাদ করতে গেলে প্রথমে কথা কাটাকাটি এবং পরে তা হাতাহাতির রূপ নেয়। ধস্তাধস্তির এক পর্যায়ে তৃণমূল কর্মীরা তাঁর ওপর চড়াও হয় বলে দাবি করেছেন ওই সিপিএম কর্মী।


পাল্টা অভিযোগ করেছে শাসক দলও। তৃণমূলের দাবী, তাদের কর্মীরা ওই এলাকা দিয়ে যাওয়ার সময় সিপিএম কর্মীই প্রথম অতর্কিতে তাঁদের ওপর হামলা চালায়। পরিকল্পিতভাবে তৃণমূল কর্মীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ শাসক শিবিরের। 


এই সংঘর্ষে সিপিএমের একজন এবং তৃণমূলের দুই কর্মী জখম হন। ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে চিকিৎসকরা তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। 


এদিকে ভোটের ঠিক আগের রাতে এই রক্তক্ষয়ী সংঘর্ষকে কেন্দ্র করে কুপিলা এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়ালেও প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে। তবে, চাপা উত্তেজনা রয়েছে এলাকায়।

No comments:

Post a Comment

Post Top Ad