কলকাতা: নববর্ষের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গেই রাজ্যের মানুষকে এবার নিজেদের গণতান্ত্রিক অধিকারের জন্য ভোটাধিকার প্রয়োগের আবেদন করেছেন তিনি। শুধু তাই নয়, নাম না করে এদিন বিজেপিকেও নিশানা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। বুধবার সকালে সমাজমাধ্যমে ভিডিও বার্তা পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা। কেন্দ্রের অত্যাচারের বিরুদ্ধে ভোট বাক্সে বদলা নেওয়ার ডাক জানান তিনি।
নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধেও এদিন সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবী, কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বাংলার ওপর অত্যাচার, জুলুম করা হচ্ছে। নাম না নিয়ে কেন্দ্রের বিজেপি নেতাদের দিল্লীর জমিদার বলেও কটাক্ষ করেন তিনি। এই অত্যাচারের জবাব ভোট বাক্সে দিতে আহ্বান জানান মমতা। তিনি বলেন, "গণতন্ত্রের উৎসবে শামিল হন সকলে। জোড়াফুলে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন।" কোনও রকম কুৎসা-অপপ্রচারে কান না দিয়ে ২৯৪ আসনে তৃণমূল প্রার্থীদের ভোট দেওয়ার আবেদন করেন তিনি।
এদিন ভিডিও বার্তার শুরুতেই নতুন বছরের শুভেচ্ছা জানান মমতা। তিনি বলেন, "বাংলার একটা ঐতিহ্য, গরিমা আছে। এটা আমাদের বাংলার নববর্ষ। সঙ্গে অনেক রাজ্যেরও নববর্ষ আছে।" সকলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সম্প্রীতি রক্ষার বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "বাংলা সম্প্রীতি, সংহতির, সংস্কৃতির পীঠস্থান। আসুন, শান্তি-সম্প্রীতি-সংস্কৃতির বার্তা দিয়ে আমরা নতুন ভোর নিয়ে আসি।"
এরপরেই কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও আমরা ১০৫ টি সামাজিক প্রকল্প করেছি। আগামী দিনেও সব মানুষ যাতে ভালো থাকে সেটা দেখাই আমাদের আমাদের আসল উদ্দেশ্য। দিল্লীর জমিদাররা অনেক অত্যাচার করছে, ভোট কাটছে, অনধিকার প্রয়োগ করছে।' বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন বলেও কটাক্ষ করেন মমতা। তিনি বলেন, সব এজেন্সি দিয়ে বাংলার ওপর জুলুম ও অত্যাচার করছে। এর বদলা নিন। আপনাদের একটা ভোট দয়া করে দিন।'

No comments:
Post a Comment