গান্ধীজিকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এফআইআর - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, April 14, 2026

গান্ধীজিকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এফআইআর


নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: ভোটের প্রচারে গিয়ে মহাত্মা গান্ধীকে দেশদ্রোহী বলে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপি প্রার্থী। আর বিতর্কিত এই মন্তব্যের জেরে এবারে বিজেপি প্রার্থী নরেশ চন্দ্র রায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হল। অভিযোগ দায়ের করল কংগ্রেস। 


সোমবার রাতে ধূপগুড়ি বিধানসভার জাতীয় কংগ্রেস প্রার্থী হরিশচন্দ্র রায় সহ জলপাইগুড়ি জেলা কংগ্রেসের প্রতিনিধিরা ধূপগুড়ি থানায় বিজেপি প্রার্থী নরেশচন্দ্র রায়ের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। কংগ্রেসের দাবী, জাতির জনককে নরেশ চন্দ্র রায় যেভাবে আক্রমণ করেছেন, সেজন্য তাঁর কঠোর শাস্তির দাবীতে থানায় অভিযোগ করা হয়েছে। 


এর পাশাপাশি নরেশ চন্দ্র রায়ের প্রার্থী পদ খারিজের দাবীও তোলে কংগ্রেস। বিষয়টি নিয়ে কংগ্রেস, নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে বলেও জানিয়েছেন ধূপগুড়ির কংগ্রেস প্রার্থী হরিশচন্দ্র রায়। এমনকি বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেওয়া হয় কংগ্রেসের তরফে। 


এই প্রসঙ্গে ধূপগুড়ি বিধানসভার কংগ্রেস প্রার্থী হরিশচন্দ্র রায় বলেন, 'জাতির জনক মহাত্মা গান্ধীকে নিয়ে নরেশচন্দ্র রায় কুমন্তব্য করেছেন। এর বিরুদ্ধে আমরা থানায় এফআইআর দায়ের করলাম।‌ তাঁর প্রার্থী পদ খারিজ এবং তাঁর কঠোর শাস্তির দাবীতে আমরা আমরা আজ থানায় এসেছি। আমরা নির্বাচন কমিশনের কাছেও যাব। ব্যবস্থা না নিলে আমরা রাস্তায় নেমে আন্দোলন করব।'


জেলা যুব কংগ্রেসের সভাপতি নব্যেন্দু মৌলিক বলেন, 'ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে ধূপগড়ি বিধানসভার বিজেপি প্রার্থী নরেশ রায় জাতির পিতা মহাত্মা গান্ধীকে কুরুচিকর আক্রমণ করেছেন। তাঁকে দেশদ্রোহী বলেছেন।' তাঁর প্রশ্ন, 'ভারতবর্ষের মতো দেশে দাঁড়িয়ে একথা কি মেনে নেওয়া যায়?' তিনি বলেন, 'ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামে মহাত্মা গান্ধীর অবদান ঐতিহাসিক সত্য। যতই চেষ্টা করা হোক এটা বদলে দেওয়া যাবে না। সেখানে একজন প্রাক্তন সেনা কর্মী তাঁকে সরাসরি দেশদ্রোহী বলছেন। ওনার বিরুদ্ধে আইন ও নির্বাচনী নিয়ম অনুযায়ী পদক্ষেপ করতে হবে।' 


নরেশ রায়ের প্রার্থী পদ খারিজের দাবী তোলেন তিনি। তিনি বলেন, 'নির্বাচন কমিশনকে এই বিষয়ে কঠোর পদক্ষেপ করতে হবে।' বিজেপির উদ্দেশ্যে তাঁর কটাক্ষ, 'আপনারা কাকে প্রার্থী করেছেন? সেনার নামে ভোট চাইবার জন্য?' একজন প্রাক্তন সেনা কর্মী দেশের পিতাকে নিয়ে এইভাবে বক্তব্য রাখতে পারেন? প্রশ্ন কংগ্রেসের যুব নেতার।


উল্লেখ্য, ঘটনার সূত্রপাত শনিবার রাতে। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের একটি এলাকায় বিজেপির পথসভা ছিল। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে মেজাজ হারান বিজেপি প্রার্থী। কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে মহাত্মা গান্ধীকে দেশদ্রোহী বলে কটাক্ষ করেন ধূপগুড়ির বিজেপি প্রার্থী নরেশ রায়। এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সমাজমাধ্যমে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ভোট প্রচারে গিয়ে কর্মী সভা করছেন ধূপগুড়ির বিজেপি প্রার্থী নরেশচন্দ্র রায়। সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন মহাত্মা গান্ধী দেশদ্রোহী। 


এরপরেই এই ঘটনার প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। রবিবার সন্ধ্যায় এই নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল।‌ এদিন ধূপগুড়ি শহরে মিছিল করে চৌপথি এলাকায় এশিয়ান হাইওয়ে ৪৮ অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী-সমর্থকরা। বিজেপি প্রার্থী নরেশ চন্দ্র রায়ের প্রার্থী পদ বাতিল, তাঁকে গ্ৰেফতার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবীও তোলে তৃণমূল। আর সোমবার রাতে বিজেপি প্রার্থী নরেশ চন্দ্র রায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হল কংগ্রেসের তরফে।

No comments:

Post a Comment

Post Top Ad