কলকাতা: নির্বাচনের ৭২ ঘন্টা আগে থেকেই রাস্তায় মোটরবাইক চলাচল নিয়ন্ত্রণ করেছিল নির্বাচন কমিশন। কড়া বিধি-নিষেধ জারি করা হয়েছিল। কমিশনের দেওয়া সেই নিষেধাজ্ঞা শুক্রবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। ভোটের আগের দিন সন্ধ্যে ছটা থেকে অর্থাৎ ১২ ঘন্টা আগে থেকে এই বিধি কার্যকর হবে। তবে, ভোটের দিন সকাল থেকে পারিবারিক কাজে বা কর্মক্ষেত্রে যাওয়ার জন্য ব্যক্তিগত বাইক ব্যবহার করা যাবে।
ভোটের তিন দিন আগেই রাস্তায় মোটরবাইক চলাচলে নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। এই বিষয়ে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার ২৩ এপ্রিল এই মামলার শুনানির সময় হাইকোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় কমিশনকে।
ঐদিন মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাও কমিশনের আইনজীবীর উদ্দেশ্য বলেন, 'আপনাদের কর্তৃপক্ষ কেন জরুরি অবস্থা ঘোষণা করছেন না? দু'দিন আগে থেকে ইমার্জেন্সি ঘোষণা করে ভোট করানো হোক। তাহলে অন্তত মেনে নেওয়া যাবে, কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ। এই ভাবে সাধারণ নাগরিকের অধিকার হরণ করা যায় না। আপনারা কেন আপনাদের কর্তৃপক্ষকে বোঝাতে পারছেন না? তা হলে গাড়িও বন্ধ করে দিন। এভাবে সাধারণ নাগরিকদের চলাফেরার অধিকার হরণ করা অন্যায়।'
হাইকোর্ট এও জানতে চায়, মোটরবাইক নিয়ে জনসাধারণের যাতায়াতের কারণে ভোটে কী অসুবিধা হয়েছে? কতগুলি এফআইআর হয়েছে? বিচারপতির প্রশ্ন, 'গত পাঁচ বছরে কত বাইকের বিরুদ্ধে এফআইআর হয়েছে? কত জায়গায় বাইক বাহিনীর গোলমাল পাকানোর নজির আছে?'
এদিন বিচারপতি আরও বলেন, 'আপনারা নিজের ক্ষমতার অপব্যবহার করছেন। যেহেতু ভোটের সময়ে আপনাদের ক্ষমতা বা এক্তিয়ার আছে। এটা অন্যায়। অন্য রাজ্যে কোথায় এমন বিজ্ঞপ্তি দিয়েছে দেখান। নির্বাচন কমিশনের ক্ষমতা আছে বলে যা খুশি করা যায় না।'
বিষয়টি নিয়ে শুক্রবারের মধ্যে নির্বাচন কমিশনকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তিন দিন আগে থেকে কেন বাইক নিয়ে এই নিষেধাজ্ঞা? অতীতে বাইক নিয়ে খারাপ উদাহরণ কী আছে? এসব নিয়ে বিস্তারিত জানাতে বলা হয় সেই হলফনামায়। আর কমিশনের সিদ্ধান্ত যে কার্যকর হবে না, এদিন আদালত তা জানিয়ে দিল।
শুক্রবার বিকেলের শুনানির পরে, বাইকে কমিশনের 'বিধিনিষেধ', খারিজ করে দিল হাইকোর্ট। কমিশনের আগের বিজ্ঞপ্তি খারিজ করে নতুন নির্দেশ দিল আদালত। ভোটের দিনের ১২ ঘন্টা আগে শুধু সওয়ারিতে নিষেধ। অর্থাৎ বাইকের পিছনে সওয়ার হওয়ায় এখন আর কোনও বাধা রইল না। তবে, নির্বাচনের ১২ ঘন্টা আগে থেকে ফের লাগু হবে এই বিধিনিষেধ। অর্থাৎ ২৯ তারিখ নির্বাচন শুরু হওয়ার ১২ ঘন্টা আগে থেকে এক বাইকে ২জন সওয়ার হতে পারবেন না।
তবে মেডিক্যাল এমার্জেন্সি, পারিবারিক অনুষ্ঠানের ক্ষেত্রে ছাড় রয়েছে। সেক্ষেত্রে উপযুক্ত প্রমাণ দেখিয়ে বাইকে একাধিক ব্যক্তি সওয়ার হতে পারেন। তবে এই সময়ের মধ্যে আবার স্কুলপড়ুয়াদের বাইকে চড়ার ক্ষেত্রে ছাড় রয়েছে। ওদিকে ভোটের ১২ ঘন্টা আগে থেকে বাইক র্যালিতে নিষেধাজ্ঞা থাকছে।

No comments:
Post a Comment