ঝাড়গ্রাম: রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। বুথে বুথে লাইনে দাঁড়িয়েছেন ভোটদানকারীরা। এই আবহেই ঝাড়গ্রামে ক্যামেরাবন্দি ভিন্ন চিত্র। এখানকার জিতুসোল প্রাথমিক বিদ্যালয়ের কাছে ভোটকেন্দ্র এলাকায় ঢুকে পড়েছে একটি হাতি। বৃহস্পতিবার এই ঘটনা ঘিরে ব্যাপক শোরগোল পড়ে যায়। পাশাপাশি ভোটদান প্রক্রিয়াতেও বিঘ্ন ঘটে কিছুক্ষণের জন।
এদিন জিতুসোল প্রাথমিক বিদ্যালয়ের কাছে রাস্তা আটকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় হাতিটিকে। দাঁতাল হাতিটিকে এদিক-ওদিক টহল দিতেও দেখা যায়। ভোটের কাজে আসা বাস কিংবা কেন্দ্রীয় বাহিনীর গাড়ি-কাউকেই রেহাই দিচ্ছিল না সে। ফলে ভোটকর্মী ও ইভিএমের নিরাপত্তা নিয়ে সাময়িক ভাবে হলেও তৈরি হয় গভীর উদ্বেগ। তবে, গজরাজকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় বন দফতরের কর্মীরা। গজরাজকে সরিয়ে দেওয়া হয় নিরাপদ দূরত্বে।
ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা কেন্দ্রেও ভোট হচ্ছে এদিন। এই জেলার জিতুসোল প্রাথমিক বিদ্যালয়েও ভোট শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে ভোট শুরুর আগে হঠাৎ ওই স্কুলের সামনে হাজির হয় হাতিটি। স্থানীয়দের কাছে সে অবশ্য রামলাল নামে পরিচিত আর সেটি কারও ক্ষতিও করেনি। বুথের সামনে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী গাড়িতে একটু উঁকিঝুঁকি মারতে দেখা যায় তাকে, হয়তো খাবারের সন্ধান করছিল। এরপর নিজের খেয়ালে এগিয়ে যায় সে।
ভোটকেন্দ্রের সামনে হাতি ঘোরাফেরা করার খবরে কিছুটা হলেও আতঙ্ক ছড়ায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোন লোধাশুলি রেঞ্জের বনকর্মীরা। গজরাজকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়ার পর ওই ভোটকেন্দ্রে নির্বিঘ্নেই ভোট শুরু হয়েছে।

No comments:
Post a Comment