নিজস্ব সংবাদদাতা, নদিয়া: প্রথম দফার ভোট মিটেছে। এবারে দ্বিতীয় দফায় ভোটের জন্য জোরকদমে প্রচারে নেমেছে শাসক-বিরোধী সব দলগুলো। গরম উপেক্ষা করেই চলছে প্রচার পর্ব। আর শুক্রবার চাঁদি ফাটা রোদ্দুরেও জমে উঠল তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচার। এদিন নদিয়ার নবদ্বীপে রীতিমতো জনজোয়ার লক্ষ্য করা যায় শাসক দলের প্রচার ঘিরে। এদিন তারকা সাংসদ তথা জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়, নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পুণ্ডরীকাক্ষ সাহার সমর্থনে রোড শো করেন।
এদিন তিনি প্রথমে নবদ্বীপ মহাপ্রভুর জন্মস্থান মন্দিরে পুজো দিয়ে কর্মসূচি শুরু করেন। ধর্মীয় আচার পালনের পরই শুরু হয় তাঁর রোড শো, যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে। প্রার্থী পুণ্ডরীকাক্ষ সাহা-সহ অন্যান্য দলীয় কর্মী-সমর্থকদেল নিয়ে তিনি রোড শো করলেন এদিন। তীব্র গরম উপেক্ষা করেও কর্মী-সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
মিছিলের সামনে বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে এগোতে থাকে দলীয় শোভাযাত্রা। পাশাপাশি রাস্তার দু’ধারে ভিড় জমায় সাধারণ মানুষ। প্রিয় ‘দিদি নম্বর ওয়ান’-এর দিদি রচনা ব্যানার্জিকে এক ঝলক দেখার জন্য অপেক্ষা করছিলেন সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, রচনা ব্যানার্জির উপস্থিতি প্রচারে নতুন মাত্রা যোগ করেছে এবং তৃণমূল কর্মীদের মধ্যে বাড়তি উদ্দীপনা সৃষ্টি করেছে। নির্বাচনের মুখে এই ধরণের জনসংযোগ কর্মসূচি যে ভোটের লড়াইকে আরও তীব্র করে তুলছে, তা স্পষ্ট। সব মিলিয়ে, নবদ্বীপে এদিনের রোড শো শুধুমাত্র রাজনৈতিক প্রচারেই সীমাবদ্ধ থাকেনি বরং তা একপ্রকার উৎসবে পরিণত হয়।

No comments:
Post a Comment