মালদা, ১৭ এপ্রিল: ভোট বৈতরণী পার হতে বিভিন্ন দলের প্রার্থীরা যখন ভোটারদের দুয়ারে মাথা কুটছেন, সেই আবহে উল্টো সুর মালদার মানিকচকে। সাংবাদিক সম্মেলন করে নিজেকে ভোট না দেওয়ার আবেদন মানিকচক বিধানসভা কেন্দ্রের আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী মহম্মদ তোহিদুর রহমান। পাশাপাশি দলত্যাগের ঘোষণা দেন তিনি। শুক্রবার মালদহ প্রেস কর্ণারে করা তাঁর এই ঘোষণা ঘিরে হইচই পড়ে গিয়েছে মালদা জেলা জুড়ে।
আসন্ন বিধানসভা নির্বাচনে মানিকচক বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন মহম্মদ তোহিদুর রহমান। প্রযুক্তিগত ও আইনি জটিলতায় এই মুহূর্তে ব্যালট পেপার বা ইভিএম থেকে নাম সরিয়ে নেওয়া সম্ভব নয় তা তিনি ভালো করেই জানেন। ভোটাররা যেন বিভ্রান্ত না হন, তাই তিনি খোলাখুলি আবেদন জানিয়েছেন জনগণের কাছে। আর নির্বাচনের দোরগোড়ায় প্রার্থীর মুখে এই 'ভোট না দেওয়ার' আবেদন একেবারেই নজিরবিহীন।
কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? এর জন্য নিজের দলের চেয়ারম্যান হুমায়ূন কবীরকেই নিশানা করেছেন তোহিদুর। শুক্রবার মালদা প্রেস কর্ণারে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, 'আমি আসন্ন বিধানসভা নির্বাচনের মানিকচক বিধানসভা কেন্দ্রের প্রার্থী। সাম্প্রতিক সময়ে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। আমার পরিষ্কার ধারণা, সংখ্যালঘুদের বোকা বানানোর একটা বড়ো চক্রান্ত চলছিল। আমি সেই চক্রান্তের অংশ হতে চাই না। বিবেক দংশন থেকেই আমি দল ও পদ থেকে ইস্তফা দিচ্ছি।"
তিনি আরও বলেন, "মানিকচকবাসীর কাছে আমার আবেদন, 'আমি বাদে' আপনারা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিন।"
নির্বাচন যখন দোরগোড়ায়, তখন প্রার্থীর এমন বিদ্রোহ মানিকচকের রাজনৈতিক সমীকরণ ওলটপালট করে দিতে পারে, এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।এখন সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে এর প্রভাব কতটা পড়বে, সেটা সময় বলবে।

No comments:
Post a Comment